২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের আকাশপথ, হুমকির নাম লেজার

যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ)-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে ১৪ হাজারেরও বেশি বার এয়ারক্র্যাফটে লেজার দেখার ঘটনা ঘটেছে। ২০১৪ সাল থেকে যা সামান্য কম। কিন্তু পুলিশ হেলিকপ্টার পাইলটদের প্রতিবেদনে সংখ্যা হয়েছে দ্বিগুণেরও বেশি, জানিয়েছে বিবিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 08:30 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

ব্রিটিশ এয়ারলাইন পাইলট অ্যাসোশিয়েশন (বালপা) জানিয়েছে, লেজারের ক্রমবর্ধমান শক্তির কারণে মারাত্মক দূর্ঘটনার ভয় বাড়ে। একজন পাইলট শক্তিশালী লেজারের বিক্রি নিয়ন্ত্রণের দাবী জানিয়েছেন। সিএএ জানায়, ২০১৫ সালে সব মিলিয়ে ১৪৩৯টি লেজার সংক্রান্ত ঘটনা ঘটে, ২০১৪ সালে যা ছিল ১৪৪৭টি।

কিন্তু ন্যাশনাল পুলিশ এয়ার সার্ভিস বিবিসিকে জানায়, তাদের হেলিকপ্টার পাইলটরা ৯১টি লেজার ঘটনার অভিযোগ করেছেন, ২০১৫ সালের ৩৫টি থেকে যা দ্বিগুণেরও বেশি। বালপা-এর ফ্লাইট নিরাপত্তা বিশেষজ্ঞ স্টিফেন ল্যান্ডেলস লেজারকে অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, “আপনি যদি সবথেকে দুর্বল লেজারও কোনো এয়ারক্র্যাফটের দিকে ফেলেন, তাহলেও আপনি পাইলটকে উড্ডয়নের জটিল অবস্থাতে চোখ ধাঁধিয়ে দিয়ে ঝামেলায় ফেলতে পারেন।” তিনি আরও বলেন, “লেজার অস্ত্র হিসাবেও ব্যবহৃত হতে পারার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা আইন পরিবর্তন করার চেষ্টা করছি।”

এয়ারলাইন পাইলট জেনেট আলেক্সান্ডার বিবিসিকে বলেন, “ককপিটে পতিত ঘনীভূত লেজার বিম বজ্রাঘাতের সমতুল্য।” তিনি আরও বলেন, “আমরা কোনো লেকচারে ব্যবহৃত লেজারের কথা বলছি না, আমরা যে লেজারের কথা বলছি, সেরকম কিছু হয়তো আপনারা ওপেন এয়ার মিউজিক ফেস্টিভাল জাতীয় অনুষ্ঠানে দেখে থাকবেন।” “যদি এটি আপনার রেটিনায় আঘাত নাও করে, এটি অত্যন্ত চোখ ধাঁধানো এবং আপনি কিছু সময়ের জন্য দৃষ্টিশক্তি হারাবেন”, যোগ করেন তিনি।

হোম অফিস-এর একজন মুখপাত্র বলেন, “বেপরোয়াভাবে যারা এয়ারক্র্যাফটের বিরুদ্ধে লেজার ব্যবহার করে যাত্রী এবং ক্রুদের জীবন হূমকির মুখে ফেলে, তাদের জন্য যুক্তরাজ্যে কঠোর আইন রয়েছে।” তিনি আরও বলেন, “যে এই কাজ করবে, তার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।”

যুক্তরাজ্য সিভিল এভিয়েশন অথোরিটি বিবিসি রেডিও ৫-তে সরাসরি সম্প্রচারকৃত এক অনুষ্ঠানে বলেন, “আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাউকে বিমানবন্দরের আশপাশে লেজার ব্যবহার করতে দেখলে বিষয়টি পুলিশকে জানানোর দাবী জানাচ্ছি।”