অ্যাপল মিউজিকে ‘স্টুডেন্ট হাফ পাস’
দেশের বাসে চড়েছেন এমন সবারই ‘স্টুডেন্ট হাফ পাস’ রীতির সঙ্গে সবাই পরিচিত থাকার কথা। কিন্তু কোনো অনলাইন মিউজিক স্ট্রিমিং সার্ভিসে কি এমন সুবিধা পাওয়া সম্ভব? প্রশ্নের জবাবটা ইতিবাচক করে দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
শিক্ষার্থীদের জন্য নতুন ছাড় এনেছে অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সেবা অ্যাপল মিউজিক। এখন থেকে গ্রাহক সেবা নিবন্ধনে বাৎসরিক চার্জে অর্ধেক ছাড় পাবেন শিক্ষার্থীরা।
অল্প বয়সীদের জন্য অ্যাপল মিউজিক সস্তা হয়ে যাচ্ছে জানিয়ে খবর প্রকাশ করেছে প্রযুক্তি সাইট সিনেট। স্পটিফাই আর গুগল মিউজিকের সঙ্গে ‘প্রতিদ্বন্দ্বিতায়’ অ্যাপল এমন সুযোগ আনছে বলে ভাষ্য সাইটটির।
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ডেনমার্ক আর নিউ জিল্যান্ডের শিক্ষার্থীরা এই ছাড় উপভোগ করতে পারবেন, জানিয়েছে টেকক্রাঞ্চ।
বর্তমানে এই সেবার বাৎসরিক গ্রাহক সেবা নিবন্ধনের খরচ ১০ মার্কিন ডলার। এখন শিক্ষার্থীদের জন্য খরচটা ৫ মার্কিন ডলার হয়ে যাবে।
অ্যাপল এই ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করতে চায়নি।
চলতি বছর জানুয়ারিতে কোটি গ্রাহকের মাইলফলক ছুঁয়েছে অ্যাপল মিউজিক। মিউজিক স্ট্রিমিং সেবার বাজারে পুরনো নাম স্পটিফাই। সেই তুলনায় অ্যাপল মিউজিককে নতুনই বলা চলে। স্পটিফাই ১ কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছিল ৬ বছরে। অ্যাপল ওই একই মাইলফলক অভিষেকের ৬ মাসের মাথায় ছুঁয়েছে বলে জানুয়ারিতে এক প্রতিবেদনে জানায় ফিনান্সিয়াল টাইমস।
