২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উবারে সাবেক ইইউ কর্মকর্তা

নিজেদের নতুন জননীতিবিষয়ক বোর্ডে  ইউরোপিয়ান কমিশন-এর সাবেক এক ভাইস-প্রেসিডেন্টকে নিয়োগ দিয়েছে অ্যাপভিত্তিক যাত্রীসেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান উবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

নেলি ক্রোস-এর আগে ইউরোপিয়ান ইউনিয়ন-এর নির্বাহী পরিষদের প্রতিযোগিতাবিষয়ক কমিশনার এবং ডিজিটাল এজেন্ডা উদ্যোগের প্রধান হিসাবে ১১ বছর কাজ করেছেন।

উবারেরর নতুন এই বোর্ড প্রতিষ্ঠানটিকে বৈশ্বিক বিস্তৃতি সম্পর্কে পরামর্শ প্রদান করবে। এ সপ্তাহের শুরুতে তাদের প্রথম বৈঠিক অনুষ্ঠিত হয়। উবার কার্যালয়ে ক্রোস ইউরোপের কয়েকটি দেশে উবারকে নিষিদ্ধ করার প্রচেষ্টার সমালোচনা করেন বলে জানিয়েছে বিবিসি।

২০১৪ সালে ব্রাসেলস আদালতে গাড়িচালকদের কাজ বন্ধের একটি সিদ্ধান্তে তিনি ‘বিক্ষুব্ধ’ হয়েছিলেন বলে জানান। তিনি তার অফিশিয়াল ইউরোপিয়ান কমিশন ব্লগে লেখেন, “এই সিদ্ধান্ত যাত্রীদের সাহায্য কিংবা নিরাপত্তার জন্য নয়, বরং এটা ট্যাক্সি কার্টেল রক্ষা করার জন্য।”

নতুন এই বোর্ডে নিয়োগপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে রয়েছেন পেরুর সাবেক প্রধানমন্ত্রী রবার্তো দানিন্যো, গণপরিবহনবিষয়ক সাবেক মার্কিন মন্ত্রী রে লাহুড এবং অ্যালান ফেলস, যিনি এর আগে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশনের চেয়ারম্যান ছিলেন। উবারের একজন মুখপাত্র বিবিসিকে জানান, পরিষদ সদস্য হিসাবে তাদের নিয়োগ দেওয়া হয়েছে কারণ তারা জননীতি বিষয়ে অভিজ্ঞ এবং তাদের জাতীয়তা ভিন্ন ভিন্ন। তিনি বলেন, “উবার যেভাবে বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করছে এবং নতুন নতুন পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে, তাতে আমরা প্রযুক্তির মৌলিকতা নীতিমালা, গণপরিবহন এবং প্রতিযোগিতাসংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছি।”

প্রতিষ্ঠানটির মুখপাত্র আরও বলেন, “আমরা জানি আমাদের কাছে সব সমাধান নেই এবং আমরা এই অভিজ্ঞ নেতাদের দলটির পরামর্শের জন্য উন্মুখ হয়ে আছি।” প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বিস্তৃতি ট্যাক্সি অপারেটর এবং বিভিন্ন সরকারের আপত্তির মুখে পড়েছে।

চলতি বছর জানুয়ারিতে লন্ডনে কৃষ্ণাঙ্গ ক্যাবচালকরা উবারের ব্যবসায়কে ‘অনৈতিক প্রতিযোগিতা’ হিসেবে অভিহিত করে প্রতিবাদ করে। যদিও শহরের গণপরিবহন কর্তৃপক্ষ ট্রান্সপোর্ট ফর লন্ডন বিষয়টিতে দ্বিমত প্রকাশ করে। ফ্রান্সে ২০১৫ সালের গ্রীষ্মে ট্যাক্সিচালকদের প্রতিবাদের মুখে সরকারী হস্তক্ষেপে অ্যাপটির একটি সংস্করণ বন্ধ করে দেওয়া হয়।

উবারের প্রধান পরামর্শক ডেভিড প্লওফে জানান, প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, গাড়ি-বুকিং অ্যাপ বিশ্বব্যাপী গণপরিবহন নেটওয়ার্কের একটি অংশ তৈরি করবে এবং তার জন্য আসন্ন 'চ্যালেঞ্জগুলো' মোকাবেলায় নতুন জননীতিবিষয়ক পরিষদটি পরামর্শ দেবে। তিনি বলেন, “উবারের সরাসরি কাজ করার ব্যাপারে (কখনও এটা অনেক দ্রুত) সুখ্যাতি রয়েছে এবং আমরা তাদেরও সরাসরি প্রতিক্রিয়া চাই।”