চীনে যাচ্ছেন কুক
স্টিভ জবস বেঁচে থাকলে এই সময়টি সম্ভবত বেশ কৌতুহল জাগানিয়া হত। অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা নিজে কখনোই চীন সফরে রাজী ছিলেন না। আর এই মুহূর্তে চীনসহ প্রায় সবখানেই ব্যবসা যখন পড়তির দিকে তখনই অ্যাপলের বড় বাজারে বাণিজ্যিক সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান।
অর্থনৈতিক মন্দা, চীনে কিছু সেবা বন্ধ করে দেওয়া আর ট্রেডমার্কবিষয়ক মামলায় হার, সব মিলিয়ে সময়টা ভালো কাটছে না অ্যাপলের। ঠিক এমন সময় চলতি মাসে নিজেদের দ্বিতীয় সবচেয়ে বড় বাজার চীন সফর করতে যাচ্ছেন মার্কিন এই প্রযুক্তি জায়ান্টের প্রধান টিম কুক।
চীন সফরে কুক দেশটির সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন-- জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
এপ্রিল মাসে চীনা সরকারের মিডিয়া পর্যবেক্ষকদের আদেশের ভিত্তিতে দেশটিতে বন্ধ হয়ে যায় অ্যাপলের আইবুক স্টোর আর আইটিউনস মুভিস সেবা। বন্ধ হওয়ার মাত্র ছয় মাস আগেই এই সেবাগুলো চালু করা হয়েছিল। ওয়েব আর মিডিয়ার উপর চীনা চীনা সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগ্রহের কারণে এই সেবা দুটি বন্ধ হয়ে যায় বলে ভাষ্য মার্কিন সাইটটির।
এই ধরনের বিপত্তির ঘটনায় 'উদ্বিগ্ন' অ্যাপলের বিনিয়োগকারীরা। কার্ল ইকাহ্ন নামের প্রতিষ্ঠানটির একজন বড় শেয়ারধারী এ খবর প্রকাশের আগের সপ্তাহে জানান, চীন সরকার সেদেশে অ্যাপলের ব্যবসায় চালিয়ে যাওয়া অনেক 'শক্ত' করে তুলতে পারে এমন চিন্তায় তিনি আইফোন নির্মাতাদের কাছে তার শেয়ার বিক্রি করে দিয়েছেন।
তবে, বিনিয়োগকারীদের উদ্বিগ্ন না হতে পরামর্শ দিয়েছেন কুক। সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিনিয়োগকারীরা যে বড় বিষয়টি এড়িয়ে যাচ্ছেন, সেটি হল প্রতিষ্ঠানের আর্থিক কর্মক্ষমতা। তিনি বলেন, "আমরা একটা দারুন প্রান্তিক পার করেছি, ৫ হাজার কোটি মার্কিন ডলার আয়, ১ হাজার কোটি লাভ। তুলনা করা হলে ১ হাজার কোটি মার্কিন ডলার যেকোনো প্রতিষ্ঠানের চেয়েও বেশি। তাই এটি খুব ভালো একটি প্রান্তিক ছিল তবে হ্যাঁ, সেটি স্পষ্টভাবেই জনতার প্রত্যাশা অনুযায়ী হয়নি।"
তিনি আরও বলেন, "অন্য কোনো প্রতিষ্ঠান এর কাছাকাছি আয় করছে না। গত বছর আমরা ৫ হাজার ৩শ' কোটি লাভ করেছি। এবং আমরা মনে করি দ্বিতীয় স্থানে থাকা প্রতিষ্ঠানটি ২ হাজার ৪শ' কোটি মার্কিন ডলার লাভ করেছে। আমরা অনেক ভাল করছি।"
এদিকে, কুক যদি চীন সফর করেন, তবে এই সফরে অ্যাপলের অনলাইন স্টোরগুলো বন্ধ করে দেওয়ার বিষয়টিই আলোচনার মূল এজেন্ডা হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপলের সেবাগুলো বন্ধ করে দেওয়ার পরপর প্রকাশিত মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে জানা যায়, প্রেসিডেন্ট জিনপিং আলিবাবা আর হুয়াওয়েসহ নিজ দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
চলতি বছরের ২ মে দিন শেষে নিয়মিত ব্যবসায় অ্যাপলের শেয়ার মূল্য ১০ সেন্ট কমে ৯৩.৬৪ মার্কিন ডলারে দাঁড়ায়,জানিয়েছে সিনেট।
সর্বশেষ যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ার বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ মে অ্যাপলের প্রতি শেয়ারের মূল্য ছিল ৯২.৭২ ডলার।
