'অনুমোদনহীন' নির্মাতাদের সঙ্গে বৈঠকে ব্লিজার্ড
চলতি বছর এপ্রিলে বেআইনিভাবে ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট গেইমটির একটি অসমর্থিত সংস্করণ চালানোর দায়ে ব্যক্তিগত সার্ভার নস্টালরিয়াস বন্ধ করে দেওয়া হয়। ওই সংস্করণ নির্মাতাদের সঙ্গে এবার বৈঠক করতে যাচ্ছেন গেইমটির নির্মাতারা।
বন্ধ করে দেওয়ার পর গেইমটির ২ লাখ ৫০ হাজারেরও বেশি সংখ্যক ভক্ত 'তথাকথিত লিগ্যাসি সার্ভারগুলো'র সমর্থনে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান ব্লিজার্ড-এর উদ্দেশ্যে পিটিশন দাখিল করে।
এই সার্ভারে ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট-এর ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ভ্যানিলা' সংস্করণ নামে পরিচিত পুরোনো একটি সংস্করণ চালানো হত।
বিবিসি জানায়, ব্লিজার্ডের পক্ষ থেকে আইনি নোটিশের পর এপ্রিলে নস্টালরিয়াস বন্ধ করে দেওয়া হয়। ফলে এ গেইমের ভক্তদের মধ্যে এ বিষয়ে বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। এর সূত্র ধরেই প্রতিষ্ঠানটি নস্টালরিয়া টিমকে এর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মূল কার্যালয়ে আলোচনায় আহ্বান জানায়। তবে এখনও এর কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি।
অবশ্য নস্টালরিয়াসকে 'প্রিস্টিন' সার্ভার হিসেবে বিবেচনাধীন রেখেছে ব্লিজার্ড। এতে সার্ভারটি আধুনিক কিছু গেইমিং সুবিধা ও সেবা ব্যবহার করে গেইমটির বর্তমান সংস্করণ চালাতে পারবে।
নস্টালরিয়াস জানায়, ব্লিজার্ডের সঙ্গে বৈঠক প্রতিষ্ঠানটিকে এই কমিউনিটির প্রতিনিধির মর্যাদা দেবে। এ ছাড়াও আইন মেনেই লিগ্যাসি সার্ভারগুলো পরিচালনার দায়িত্ব নেবে ব্লিজার্ড - এমনটাই আশা করছেন তারা।
সার্ভারটির এক ফোরাম পোস্টে বলা হয়, "আমরা এখন শুধুই ব্যক্তিগত একটি সার্ভারের পরিচালক নই, বরং গোটা ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট কমিউনিটি, যারা এ গেইমের ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চায়, তাদের পক্ষে বড় একটি আন্দোলনের প্রতিনিধি। এটি অনেক বড় একটি দায়িত্ব। আপনাদের বক্তব্য সরাসরি ব্লিজার্ডের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে এই কমিউনিটির প্রয়োজনগুলো পূরণ করাই আমাদের সবচেয়ে বড় প্রাধান্য ও মনোযোগের বিষয়।"
ব্লিজার্ডের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় নস্টালরিয়াসের মার্ক কার্ন বলেন, "ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট অনেক গুরুত্বপূর্ণ একটি গেইম। এটি গেইমিং ইতিহাসের একটি অংশ হলেও আইন মেনেই এর পুরোনো সংস্করণগুলো উপভোগ করার কোনোই উপায় নেই। আগের মতো তারা তো আর ফ্লপি ডিস্ক বা সিডি ব্যবহার করে এ গেইম খেলতে পারে না।"
তিনি আরও বলেন, "গেইমটির মূল সংস্করণটি অনেকটা চিরদিনের মতোই বিলুপ্ত হয়ে গেছে এবং গেইমিং সংস্কৃতির এ গুরুত্বপূর্ণ অংশটি বাঁচিয়ে রাখতে লিগ্যাসি সার্ভারগুলোর কোনোই বিকল্প নেই।"
বিবিসি জানায়, ব্লিজার্ড কখনোই লিগ্যাসি সার্ভারগুলোকে সমর্থন করেনি। এর ফলে বেআইনি ব্যক্তিগত সার্ভারগুলো ছাড়া এই গেইমটির পুরোনো সংস্করণগুলো খেলার কোনো উপায় নেই।
ব্লিজার্ড জানায়, 'ক্লাসিক' সার্ভার প্রসঙ্গে এ আলোচনা বছরের পর বছর ধরেই চলে আসলেও ব্যাপক জটিলতা ছাড়া তা কোনো ভাবেই কার্যকর করা যেত না। এ ছাড়াও নস্টালরিয়াসকে চালু থাকতে দিলে তা 'ব্লিজার্ডের অধিকারগুলোকে খর্ব করতো'।
