ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনছে এলজি
নতুন এক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উদ্ভাবন করেছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, এলজি ইনোটেক-এর ওই সেন্সর স্মার্টফোনের গ্লাস স্ক্রিনে বসানো থাকবে, নতুন এই সেন্সর ভবিষ্যতে কোনো বাটন ছাড়া স্মার্টফোন তৈরির পথ খুলে দেবে।
সম্প্রতি অ্যাপলের আইফোন, স্যামসাং গ্যালাক্সি ফোন, নেক্সাস ৬পি আর এলজি’র ই জি৫ ফোনগুলোতে দেখতে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট রিডারের নকশাগুলোতে একটি আলাদা হার্ডওয়্যারের দরকার হয়। কিন্তু নতুন রিডারটি গ্লাসের নিচে ০.০১ ইঞ্চির পুরু একটি খাঁজের মধ্যে থাকবে।
এই সেন্সরে জলরোধক ক্ষমতা বৃদ্ধির সঙ্গে এটি ৯৯.৯৯৮ শতাংশ সঠিকভাবে সঙ্কেত দেবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
এই সেন্সর কোনো ফোন বা কোনো তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে কিনা তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি। অতীতে এলজি’র ডিসপ্লে ব্যবহার করা প্রতিদ্বন্দ্বী অ্যাপল, তার আইফোন ৭-এর জন্য ‘হোম বাটন-লেস’ নকশার কথা ‘ভাবছে’। এলজি’র প্রযুক্তি মার্কিন এই টেক জায়ান্টকে এই নকশা বানাতে সহায়তা করতে পারে।
