জীবন রক্ষায় টেসলার গাড়ি
নিজেদের বানানো গাড়ি মানুষের জীবন রক্ষা করতে পারে, এ বিষয়ে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।
বিলিয়নেয়ার ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের বিখ্যাত ‘জৈব-অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’-এর জন্য পরীক্ষণ পদ্ধতিটি প্রকাশ করেছে। ২০১৫ সালে মাস্ক প্রথম বিষয়টি সামনে নিয়ে আসেন। পদ্ধতিটি বাতাস বিশুদ্ধকরণে উচ্চক্ষমতাসম্পন্ন প্রক্রিয়া ব্যবহার করে বাতাস থেকে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ দূর করে, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
এক ব্লগ পোস্টে বিষয়টি ব্যাখ্যা করে প্রতিষ্ঠানটি বলে, “হসপিটালে, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান বা রুম পরিষ্কার করার জন্য ব্যবহৃত বাতাস বিশুদ্ধকরণ প্রক্রিয়া থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটি এইচইপিএ বিশুদ্ধকরণ প্রক্রিয়া তৈরি করেছি, যা বাইরের বাতাস ভেতরে প্রবেশ করার আগেই বাতাস থেকে ফুলের রেনু, ব্যাকটেরিয়া এবং দূষিত পদার্থ দূর করে এবং ভেতরের বাতাসকে নিয়মানুযায়ী পরিষ্কার করে বাকি কণাও দূর করে ফেলে।” প্রতিষ্ঠানটি জানায়, তারা তাদের সর্বশেষ গাড়ি ‘মডেল এক্স’-কে একটি বিশালাকৃতির বুদবুদের মধ্যে ঢুকিয়ে পাম্প করে তার মধ্যে দূষিত বাতাস প্রবেশ করায়। টেসলা জানায়, এটি বর্তমানে সবচেয়ে বেশি দূষণ রেকর্ড করা বেইজিংয়ের বাতাস থেকে ২০০ গুণ বেশি দূষিত ছিল।
প্রতিষ্ঠানটি আরও বলে, “অন্য কথায়, জৈব-অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর কোনো গালভরা বিজ্ঞাপন নয়, বরং বাস্তব। আপনি আক্ষরিক অর্থেই গাড়িতে বসে মিলিটারি গ্রেড জৈব-আক্রমণে টিকে থাকতে পারবেন।”
প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, তাদের বিশুদ্ধকরণ পদ্ধতি এতটাই কার্যকর যে, এটি বাইরের বাতাসও পরিষ্কার করতে পারে।
টেসলার এমন প্রযুক্তির খবর প্রকাশের সঙ্গে ফোকসভাগেন-এর নামটা নিয়ে ছোট একটি খোঁচা মারতে ভুলেনি ব্রিটিশ ট্যাবলয়েডটি। কার্ব নিঃসরণ পরীক্ষায় জালিয়াতির কারণে ভালোই ধকল পোহাতে হয়েছিল জার্মান ওই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে।
