২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমাণ দেবেন 'বিটকয়েন উদ্ভাবক'

ক্রিপ্টোগ্রাফিক মুদ্রা বিটকয়েনের উদ্ভাবক বলে নিজেকে দাবি করা ক্রেইগ রাইট তার দাবির স্বপক্ষে আরও প্রমাণাদি উত্থাপন করবেন বলে জানিয়েছে বিবিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 07:01 PM

Updated : 12 Apr 2022, 01:59 AM

অস্ট্রেলীয় এই উদ্যোক্তার মুখপাত্র বিবিসিকে বলেন, রাইট তার ব্যক্তিগত মালিকানাধীন "প্রথম দিককার একটি ব্লক থেকে একটি কয়েন নিকট ভবিষ্যতেই সরিয়ে নেবেন।"

ড. রাইট এক ব্লগে জানান, তার এ দাবির ব্যাপারে জনগণের সন্দেহ খুবই যৌক্তিক, তবে তিনি শীঘ্রই তার দাবির পক্ষে 'অসাধারণ' প্রমাণ উপস্থাপন করবেন।

তিনি বলেন, "আমি স্বাধীনভাবে ও ধারাবাহিকভাবে এমন কিছু অংশবিশেষ প্রকাশ করে যাব, যা এ অসাধারণ দাবির ভিত গড়ে দেবে। এর মধ্যে থাকছে যাচাই করা যাবে এমন সব ডকুমেন্ট, সমাধা হয়েছে এমন কিছু ভুয়া অভিযোগ সংক্রান্ত প্রমাণাদি এবং প্রথম দিককার একটি ব্লক থেকে বিটকয়েন সরিয়ে নেওয়া।"

তিনি আরও বলেন, "কারও কারও জন্যে কোনো প্রমাণই যথেষ্ট নয়, এমন কোনো প্রমাণ নেই যাকে ভুয়া বা পরিবর্তিত অজুহাতে উড়িয়ে দেওয়া যাবে না। বিশ্বাসের প্রকৃতিই এটি, আর এর বিরুদ্ধ স্রোতে সাঁতরানোর চেষ্টা ভুল। তবে আমি এমন সব প্রমাণ উপস্থাপন করতে পারি যা 'অসাধারণ' বলে আমি মনে করি, এবং তা আলাদাভাবে যাচাই করা যাবে। এর চেয়ে আর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না।"

বিটকয়েনের উদ্ভাবক সাতোশি নাকামতো আসলে তারই ছদ্মপরিচয় - সোমবার এমন ঘোষণা দেওয়ার পর সমালোচকদের তোপের মুখে পড়েন রাইট। তাদের অনেকের মতেই, এ পর্যন্ত তার উপস্থাপিত প্রমাণাদি বিশ্বাসযোগ্য নয়। তার এ প্রচেষ্টা 'সংবাদমাধ্যম এবং অর্থনীতিবিদদের চোখে ধূলো দেওয়ার উদ্দেশ্যে সাজানো সস্তা নাটক'- এমন আখ্যাও দেওয়া হয়েছে। তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এসব তার নিজের বক্তব্য নয় - এমন মন্তব্যও করেন অনেকে।

তবে কিছু সমর্থককে রাইট এখনও নিজের পাশে পাচ্ছেন। বিটকয়েন ফাউন্ডেশন-এর প্রধান গবেষক গ্যাভিন অ্যান্ড্রেসেন শুরু থেকেই তাকে সমর্থন জানিয়ে আসছেন। এ ছাড়াও প্রতিষ্ঠানটির জেষ্ঠ্য পরিচালক জন ম্যাটোনিস জানান, ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় এক বিটকয়েন সম্মেলনে দেখা হওয়ার পরই তিনি প্রথম রাইটকে বিটকয়েনের স্রষ্টা বলে ধারণা করেন এবং সাম্প্রতিক সময়ে রাইটের সঙ্গে প্রচুর সময় কাটিয়ে তিনি এ বিষয়ে শক্ত কিছু প্রমাণ পেয়েছেন।

তিনি বলেন, "সাধারণ মানুষের কাছে এ ব্যাপারটি পুরোপুরিভাবে সত্য বলে প্রমাণিত না হওয়ায় এটি সমাধানের প্রয়োজন রয়েছে। তবে, আমি ব্যক্তিগতভাবে যা দেখেছি তা হারানোর কোনো উপায় নেই।"

রাইটের পক্ষে এসব সাক্ষ্য, এমনকি তার প্রতিশ্রুত 'প্রমাণাদি'ও অনেকের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে কিনা, তা নিয়ে সন্দিহান বিবিসি।

পুরনো খবর:

বিটকয়েনের উদ্ভাবক অস্ট্রেলীয়?