নতুন রূপে গ্রামীণফোনের ওয়াওবক্স
টেলিনরের তৈরি করা লাইফস্টাইলভিত্তিক অ্যাপ্লিকেশন ওয়াওবক্সের নতুন সংস্করণ উন্মোচন করেছে মোবাইলফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। বুধবার এক আনুষ্ঠিানিক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এক নতুন ডিজাইন এবং ভিন্ন মাত্রার ফিচার সম্বলিত এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকেরা ওয়াওবক্সে উপভোগ করতে পারবেন গ্রামীণফোনের সব পণ্যের হালনাগাদ খবর, বিভিন্ন দোকানে ছাড়ের তথ্য, লাইফস্টাইল ভিত্তিক খবর ও প্রতিবেদন, প্রতিযোগিতা এবং গেইমস।
২০১৫ সালে প্রথমবারের মতো ওয়াওবক্স উন্মোচন করে গ্রামীণফোন। আপাতত শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড করতে পারলেও খুব শীঘ্রই আইওএস ডিভাইসেও অ্যাপটি পাওয়া যাবে বলে উন্মোচন অনুষ্ঠানে বলা হয়।
গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, গত বছরের মে মাসে ওয়াওবক্স চালু হবার পর তা বাংলাদেশে ‘অবিস্মরণীয় গতিতে’ ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত ৩০ লাখ মানুষ এটি ব্যবহার করেছেন বলে জানান আজমান এবং প্রতিষ্ঠানটি এবার অ্যাপটিকে গ্রাহকদের জন্য ‘আরও বেশি দৃষ্টিনন্দন ও সহজে ব্যবহারযোগ্য’ করে সাজিয়েছে, যা ব্যবসায়িক সহযোগীদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তাদের দাবি।
বাংলাদেশের জন্য বিনামূল্যের এই অ্যাপটি তৈরি করেছে গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর গ্রুপ।
টেলিনরের প্রোডাক্ট এ্যান্ড ইনোভেশন ইউনিটের ওয়াওবক্স প্রধান হোজার হাসম্যান বলেন, “সর্বমোট ৩০ লাখ ওয়াওবক্স ব্যবহারকারীর মধ্যে প্রায় ১২ লাখ ব্যবহারকারী নিয়মিত অ্যাপটি ব্যবহার করেন, যা প্রতিনিয়ত ওয়াওবক্সকে উন্নত করার প্রচেষ্টার ফলাফল।”
