উবারের প্রতিবন্ধী সেবায় অসন্তোষ
অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবার অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছে। তবে, উন্নতির পথে অনেক সময় অভিযোগের মুখেও পড়েছে এই প্রতিষ্ঠান। এবার প্রতিবন্ধী সেবা নিয়ে দেখা দিয়েছে অসোন্তষ।
প্রতিবন্ধীদের জন্য উবারের ট্যাক্সি সেবা যথেষ্ট নয় এবং সেটি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছে সিএনএন। যান্ত্রিক স্কুটার এবং পাওয়ার হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য উবারডাব্লিউএভি নামে বিশেষ সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। প্রতিবন্ধীদের জন্য বিশেষ গাড়ি রয়েছে উবারের। সেখানে সমস্যা দেখা দিয়েছে এর অস্তিত্ব নিয়ে। প্রয়োজনের সময় উবারের এই বিশেষ গাড়ি পাওয়া যায় না এমন অভিযোগ পাওয়া গিয়েছে।
উবারডাব্লিউএভি সেবার পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য ‘উবারঅ্যাসিস্ট’ নামে একটি সেবাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এখানে গাড়ি স্বাভাবিক হলেও এর চালককে প্রতিবন্ধীর সাহায্যার্থে বিশেষভাবে ট্রেইনিং দেওয়া হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ৮টি শহরে উবারডাব্লিউএভি এবং ১৩টি শহরে উবারঅ্যাসিস্ট সেবা দেওয়া হয়ে থাকে বলে দাবি রয়েছে প্রতিষ্ঠানটির।
উবারের দাবি থাকা সত্ত্বেও স্যান ফ্রান্সিসকোতে ডাব্লিউএভি গাড়ি প্রায় নেই বললেই চলে এমন অভিযোগ পাওয়া গেছে। সানডে পার্কার নামের এক প্রতিবন্ধী প্রযুক্তি কর্মকর্তা এই সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কর্মস্থলে যাওয়ার সময় উবারের দুটি প্রতিবন্ধী সেবার কোনটাই পাননি তিনি। দিনের বিভিন্ন সময়ে এই সেবা খুঁজে মাত্র একটি গাড়ি বা কোনো গাড়িই পাননি তিনি।
শুধু স্যান ফ্রান্সিসকোই নয় লস এঞ্জেলস এবং পোর্টল্যান্ডে ২৫ থেকে ৪৫ মিনিটের মধ্যে একটি গাড়িও খুঁজে পাওয়া যায়নি এমন ঘটনাও দেখা গিয়েছে। তবে রাস্তায় উবারডাব্লিউভি গাড়ির তুলনায় উবারঅ্যাসিস্ট গাড়ির সংখ্যা কিছুটা বেশি বলেও জানিয়েছে সিএনএন।
এই অসন্তোষ নিয়ে উবারের এক মুখপাত্র বলেন, "সকল যাত্রীর নির্ভরযোগ্য যাত্রার জন্য উবারের প্রযুক্তি দিনদিন বাড়ছে, এর মধ্যে প্রতিবন্ধী যাত্রীও রয়েছেন। এখনও অনেক কাজই করার রয়েছে, আমরা এ থেকে বি পর্যন্ত একটি বোতাম চাপার মাধ্যমে মানুষের যাত্রা সহজতর করতে কঠোর পরিশ্রম করছি।"
