২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের বর্তমান হতাশার নাম সিক্সএস

টেক জায়ান্ট অ্যাপলের ইতিহাসে এক হতাশার নাম আইফোন সিক্সএস। এই ফোনের দুর্বল পারফর্মেন্সের কারণে গত প্রান্তিকে অ্যাপলের সামগ্রিক বিক্রি কমে গেছে। এর ফলে গত ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো আয়ে ব্যাপক পতন ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 07:16 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

মংগলবার বিশ্লেষকদের সাথে এক কনফারেন্স ফোনকলে অ্যাপল সিইও টিম কুক জানান, আইফোনের পূর্ববর্তী সংস্করণগুলোর ব্যবহারকারীদের আইফোন সিক্সএস-এ পরিবর্তনের হার, এক বছর আগের আইফোন সিক্স-এ পরিবর্তনের হারের চেয়ে অনেক কম। এর সহজ মানে হচ্ছে লোকজন আইফোন সিক্সএস তেমন একটা কিনছে না।

কুক বলেন, "যদি আইফোন সিক্সএস-এর ক্ষেত্রে আইফোন সিক্স-এর মতোই একই হার থাকতো, তবে তা বিশাল পার্টি দেওয়ার মতো বিষয় হতো।"

আইফোন সিক্সএস-এর এ ব্যর্থতার পেছনে দায়ী তুলনামূলকভাবে অনাকর্ষণীয় কিছু আপগ্রেড, উদ্ভাবনী কিন্তু সীমাবদ্ধ ব্যবহারযোগ্যতার থ্রিডি টাচ ফিচার। এতে আইফোন সিক্স-এর চেয়ে ভালো মানের ক্যামেরা থাকলেও এ ফিচারগুলোও ব্যবহারকারীদের কাছে পকেট থেকে ৬৫০ ডলার খসানোর মতো বলে মনে হয়নি।

এ ছাড়াও বিশ্বব্যাপী অর্থনৈতিক ভাটার কারণে স্মার্টফোন বিক্রি কমে গেছে। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের পর অ্যাপলের সবচেয়ে বড় বাজার চীনে এর প্রভাব প্রকট।

সিএনএন জানায়, বিশ্লেষক এবং অ্যাপলের শেয়ারের মালিকেরা এই মন্দা কাটিয়ে উঠতে আইফোন সেভেন-এর ওপর নির্ভর করে আছেন। তবে এই ফোনের তারবিহীন হেডফোন ও চার্জিং প্রযুক্তি, ডুয়াল ক্যামেরা ও বাঁকানো কাচের তৈরি কম পুরুত্বের বডি ইত্যাদি ফিচারগুলো ব্যবহারকারীদের চাহিদা পূরণে যথেষ্ট কিনা - সে ব্যাপারে সন্দেহের অবকাশ রয়েছে।

কনলামিনো-এর সিইও নিল সন্ডার্স বলেন, "বিক্রি বাড়ানোর ব্যাপারে অ্যাপল যথেষ্ট উদ্ভাবনী নয়। আমাদের দৃষ্টিতে অ্যাপলের সর্বশেষ পণ্য উদ্বোধনগুলো অনাকর্ষণীয় বলে মনে হয়েছে। যুগান্তকারী সব প্রযুক্তির মালিক এ প্রতিষ্ঠানটির ভাণ্ডারে থাকা চোখ ধাঁধাঁনো উদ্ভাবনী নতুন সব ধারণাগুলো ফুরিয়ে গিয়ে একে সাধারণের কাতারে নামিয়ে নিয়ে এসেছে।"

তবে কিছু বিষয়ের ওপর ভিত্তি করে এখনও আশায় বুক বাঁধতে পারছে প্রতিষ্ঠানটি। সিএনএন-এর তথ্য অনুযায়ী, বেশিরভাগ ব্যবহারকারীই একটি সংস্করণ বাদ রেখে ফোন পরিবর্তন করে থাকেন। আইফোন সিক্স ব্যবহারকারীরা সেপ্টেম্বরেই ফোন পরিবর্তন শুরু করতে পারেন। এ ছাড়াও আইফোন সিক্সএস নিয়ে অখুশি ক্রেতারা আইফোন সেভেন-এর দিকেই চেয়ে আছেন বলে ইংগিত দিয়েছেন কুক। তবে এতে এখনও কিছুটা উন্নতির সুযোগ বাকি রয়ে গেছে বলে জানান তিনি।