স্মার্টফোন ‘জম্বি’দের সুরক্ষায় ফুটপাথে লাইট
জার্মানির এক শহরে স্মার্টফোন ব্যবহারকারীদের পথচলাচলের সময় কোনো দুর্ঘটনা এড়াতে ফুটপাথে ট্রাফিক লাইটের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে রাস্তায় চলতে চলতে স্মার্টফোন ব্যবহার করার সময় ফোন স্ক্রিন থেকে চোখ তুলে অন্যদিকে তাকানোর প্রয়োজন হবে না।
প্রযুক্তির উন্নতি জীবনকে করেছে সহজ এবং পণ্যকে করেছে সহজলভ্য। আর এই উন্নতিই সবার হাতে হাতে পৌঁছে দিয়েছে স্মার্টফোন। কিন্তু সেইসঙ্গে অনেকেই হয়ে পড়েছেন ভয়াবহ স্মার্টফোন আসক্ত। রাস্তায় চলাচল কিংবা রাস্তা পারাপারের সময় রাস্তার দিকে খেয়াল না করে তারা অনেকেই টেক্সটিংয়ে ব্যস্ত থাকেন আর শিকার হন নানা মর্মান্তিক দূর্ঘটনার।
এমন দুর্ঘটনা এড়াতে এবং এই স্মার্টফোন আসক্তদের দূর্ঘটনা হতে সুরক্ষা প্রদানে অগবার্গ নামের জার্মানির এক শহরে ফুটপাথে ট্রাফিক লাইটের ব্যবস্থা করেছে বলে জানিয়েছে বিবিসি। শহরটির কর্মকর্তারা পথচারীদের নিয়ে যথেষ্ট চিন্তিত কেননা তারা তাদের মোবাইলে এতটাই আসক্ত যে নিজেদের চারপাশে তারা কোন প্রকার মনোযোগই দেয়না।
এই লাইটগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেন যখন লাল আলো জ্বলবে তখনও যেন মাথা নিচু করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা এই পথচারীরা বুঝতে পারেন যে এখন রাস্তা চলাচল করাটা বিপজ্জনক।
১৫ বছর বয়সী এক কিশোরীর মর্মান্তিক মৃত্যুর পরই এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া। কিশোরীটি রাস্তা পার হওয়ার সময় একটি ট্রামের সঙ্গে ধাক্কা খায়। ফোন নিয়ে ব্যস্ত থাকার ফলে সে এমন দূর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে পুলিশ।
স্টেফাইন লেরম্যান নামের একজন নগর মুখপাত্র জানিয়েছেন, নগর পরিকল্পনাকারীরা এমন স্থানগুলো চিহ্নিত করেছেন যেখানের তরুণ ও যাত্রীরা বেশি স্মার্টফোন ব্যবহার করেন। তারপর লাইটগুলো সঠিকভাবে স্থাপন করা হয় বলে জানান তিনি।
যারা ফোন ব্যবহারের সময় হাঁটে তাদেরকে ‘সোম্বিস’ নামকরণ করা হয়েছে। স্মার্টফোন আর জম্বি এ দুইয়ের মিশ্রণে এই ‘সোম্বি’র উৎপত্তি।
২০১৫ সালে উদ্ভূত এই শব্দটি জার্মানিতে বেশ জনপ্রিয়।
