২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাপক পাইরেসির শিকার ‘গেইম অফ থ্রোনস’

অনলাইনে ব্যাপক হারে পাইরেটেড হচ্ছে হলিউডি টিভি সিরিজ "গেইম অফ থ্রোন"-এর সিজন সিক্স প্রিমিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 07:44 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

পাইরেসিবিষয়ক ওয়েবসাইট টরেন্টফ্রিক-এর হিসেব অনুযায়ী, সবচেয়ে বেশি পাইরেসির শিকার হওয়া টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোনস’ এর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পর্ব ‘দ্যা রেড ওম্যান’ রোববার মুক্তি পাওয়ার পর থেকেই বেআইনিভাবে দুই লাখেরও বেশি মানুষ শেয়ার করছে। এখনও পর্যন্ত এই পর্বটি কমপক্ষে দশ লাখ বার বেআইনিভাবে ডাউনলোড করা হয়েছে।

এক বছর আগে এই টিভি সিরিজের পঞ্চম সিজন প্রিমিয়ার মুক্তির প্রথম আট ঘন্টার মধ্যেই ১৫ লাখ বার ডাউনলোড করা হয়েছিলো। শেষ পর্যন্ত এই পর্বটি ১ কোটি বার বেআইনিভাবে ডাউনলোড করা হয়। এই সিজনের শেষ পর্বটি ১ কোটি ৪০ লাখেরও বেশি বার পাইরেসির মাধ্যমে ডাউনলোড করা হয়।

সিএনএন জানায়, পাইরেসি ঠেকাতে এইচবিও-এর নানা প্রচেষ্টার পরও "দ্যা রেড ওম্যান" মুক্তি পাওয়ার আগেই তা অনলাইনে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কানাডার একটি ওয়েবসাইটে ধরা পড়ার পরপরই তা সরিয়ে নেওয়া হয়।

এইচবিও-এর মুখপাত্র জেফ কাসন বলেন, "আমরা আগ্রাসীভাবে আমাদের পণ্য সুরক্ষিত রাখি। গেইম অফ থ্রোনস সারাবিশ্বেই অত্যন্ত জনপ্রিয় একটি ব্যাপার এবং দুঃখজনকভাবে এর জনপ্রিয়তার কারণেই বেআইনি কার্যক্রমের ঘটনা বাড়ছে। আমাদের অনুষ্ঠানের এমন অপব্যবহার দেখতে পেলে আমরা দ্রুত এবং যথাযথভাবে পদক্ষেপ নিয়ে থাকি।"

এক বছর আগে টিভি সিরিজটির পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব মুক্তির ১২ ঘন্টা আগেই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার পর এইচবিও সমালোচকদের কাছে ডিভিডি পাঠানো বন্ধ রাখে। এই ধারাবাহিকতা বজায় রেখেই এ বছর একইসঙ্গে ১৭০টি দেশে ষষ্ঠ সিজন প্রিমিয়ার মুক্তি দেয়। এরপরও এ পাইরেসির ঘটনা আশংকাজনক বলে জানিয়েছে সিএনএন।

সিএনএন জানায়, পাইরেট বে এবং কিকঅ্যাস-এর মতো ওয়েবসাইটগুলোতে ব্যবহারকারীদের মধ্যে পিয়ার-টু-পিয়ার বিটটরেন্ট নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করা হয়। এতে পাইরেসির মূল উৎস চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে।