২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার নতুন ইন্টারনেট প্রযুক্তি

অস্ট্রেলিয়ার প্রাদেশিক যে জায়গাগুলোতে কৃষকরা ইন্টারনেটের ধরা ছোঁয়ার বাইরে, তাদের কাছে ইন্টারনেট পৌঁছে দেবে বলে দাবি করছে দেশটির নতুন নেটওয়ার্কিং টেকনোলজির প্রবক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকিয়া শবনম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 07:41 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

প্রকল্পটির নাম দেয়া হয়েছে ডব্লিউআইএসপিএস, মাইক্রো-কম্পিউটারের উপর নির্ভর করে এটি এক জায়গার সিগনাল আরেক জায়গায় ‘হুইসপার’ করবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি নিউজ।

পরীক্ষামূলক প্রযুক্তিটি তৃণমূল সহায়তা আর সুনামের উপর নির্ভর করছে, এমনটাই জানিয়েছে বেগা ভ্যালিতে অবস্থিত ২পিআই সফটওয়্যার-এর পরিচালক কারসেন একেলম্যান। তিনি বলেন, “আমরা এখানে পাহাড় বা অন্য প্রাকৃতিক বাঁধার কারণে এনবিএন ওয়্যারলেস বা এডিএসএল সংযোগ নিতে পারছেন না এমন জনসাধারণকে ইন্টারনেট দেওয়ার চেষ্টা করছি।”

“তাদের জায়গায় অনেক কম খরচে ইন্টারনেট স্মার্ট ডিভাইস বসিয়ে বাঁধাগুলোর চারদিকে সিগনাল পাঠানোর মাধ্যমে এই প্রকল্পটি কাজ করবে। আর এটাই হবে তাদের নিজেদের সম্প্রদায়ে অন্যদের সঙ্গে ইন্টারনেট ভাগ করে নেওয়ার একটি পদ্ধতি।”

ইন্টারনেটশূন্য জায়গাগুলোতে ইন্টারনেট পাঠানোর জন্য নমুনা ডিভাইসগুলোকে একটি খামারের এপার থেকে ওপার পর্যন্ত বসানোর সম্ভাবনাও রয়েছে।

একেলম্যান বলেন, “গ্রাহক ডিভাইসগুলো নীচু পাওয়ারের কম্পিউটিং ক্ষমতাসম্পন্ন হওয়ায় এগুলো খুবই অল্প খরচের হবে।”

“জলবায়ু প্রতিরোধ করতে পারে এমন একটি বক্স বানানোর কথা আমরা ভাবছি, যা অ্যান্টেনার সঙ্গে আসবে। আর সপ্তাহখানেক সাহায্য ছাড়া চলতে পারা একটি সৌরপ্যানেল, যার সঙ্গে কম্পিউটিং ডিভাইস ও গাড়ির ব্যাটারি যুক্ত থাকবে।”

“যে কোনো বাধা প্রতিরোধ করতে পারে এমনই মেশ নেটওয়ার্ক প্রতিস্থাপন করার উদ্দেশ্যে আমরা ডিভাইসগুলোকে কৌশলগত জায়গাগুলোতে বসানোর আশা করছি।”

অবশ্য এখনই এটা স্পষ্ট না যে ইন্টারনেট কতটা নির্ভযোগ্য হবে আর এই প্রযুক্তিটিকে আদৌ বাজারে ছাড়া হবে কিনা। প্রযুক্তিটির বৈধতায় আরও কিছু প্রশ্ন আছে। আর সিস্টেমটির অপব্যবহার রোধে ডাউনলোড কোন ভাবে পরিচালিত হবে তাও স্পষ্ট না।

প্রযুক্তিটি টেকসই কিনা তা জানার জন্য বেগা ভ্যালিতে তিন মাসের পরীক্ষা চালাবে ২পিআই সফটওয়্যার।

একেলম্যান বলেন, “অবশ্যই এনবিএন বা এডিএলের ধরা ছোঁয়ার বাইরের লোকজন এই প্রযুক্তিটির জন্য অধীর হয়ে আছে, কারণ তাদেরকে ইন্টারনেটের জন্য মডেম বা অ্যাডাপ্টার ব্যবহার করতে হয় যেগুলো দামি আর সীমিত হয়ে থাকে। এমনকি থ্রিজি সংযোগও এসব জায়গায় খুব ভাল হয় না।”

“কিন্তু আমি এমন সব মানুষের সঙ্গেও কথা বলেছি যারা এনবিএনের সংস্পর্শে থাকে আর তারাই বলেন এতসব ব্যান্ডউইথের দরকার নেই তাদের। ‘আমি আমার প্রতিবেশির সঙ্গে এটা ভাগ করে নিতে পারলে খুশি হব’ এমনই বক্তব্য তাদের। সমাজের দৃষ্টিভঙ্গি এই জায়গাগুলোতে কতটা উদার সেটা বোঝা যায়। প্রযুক্তিটির পরীক্ষা চালানোর জন্য এই জায়গাটি উপযুক্ত এ কারণেই”, বলেন তিনি।