২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তথ্য বেহাত থেকে বাঁচলেন মেক্সিকানরা

যে কোনো সময় কোটি মেক্সিকান ভোটারের তথ্যসমৃদ্ধ ডেটাবেইস অপরাধীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল, তবে কোনো অঘটন ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 08:08 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

প্রায় ৮ কোটি ৭০ লাখ মেক্সিকানের নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং ভোটার আইডি নম্বর  সংরক্ষিত তালিকা 'অনলাইনে অ্যাকসেস করা সম্ভব' অবস্থায় ছিল। এর ফলে যে কোনো সময় এসব তথ্য বেহাত হয়ে যেতে পারত।

মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাককিপার-এর সাইবার নিরাপত্তা গবেষক ক্রিস ভিকরি এই বিষয়টি আবিষ্কার করেন। তিনি ‘শোডান’ নামের একটি নিরাপত্তা টুল দিয়ে অনিরাপদ ডেটাবেইস খুঁজে বের করার চেষ্টা করছিলেন।

এ আবিষ্কারের পর ভোটারদের তথ্যসমৃদ্ধ ওই ডেটাবেইস অফলাইনে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

ভিকরি বলেন, “যখন আমি আমার ডেটাবেইসে এটি খুলি, তখন আমি নাম, ঠিকানা এবং চিহ্নিত করার কিছু নম্বর দেখতে পাই। তখন আমি ঐ স্থানগুলো কোথায় তা দেখার জন্য ঠিকানাগুলোকে গুগল করা শুরু করি।

 “সবগুলো জায়গার ঠিকানা দেখা যায় মেক্সিকোতে। তখন আমি ভেবেছি- 'এগুলো মেক্সিকান ভোটারদের ডেটাবেইস- আর এটি এটাই হবে।'”

চলতি বছর ১৪ এপ্রিল ভিকরি এই বিষয় খুঁজে পান এবং প্রথমে কোনো মেক্সিকান কর্মকর্তাকে বিষয়টি জানাতে তার কষ্ট করতে হয় বলে জানান তিনি। 

এ খবর প্রকাশের আগের সপ্তাহে হার্ভার্ড-এ ওই ডেটাবেইসের কথা উল্লেখ করার সময়, শ্রোতাদের মধ্যে একজন মেক্সিকান তথ্য সঠিক কিনা তা যাচাই করতে সহায়তা করেন।

ভিকরি বলেন, “তিনি (ওই শ্রোতা) তার বাবার তথ্য ডেটাবেইসে খুঁজে পান। তিনি বলে উঠেন, ‘হে ঈশ্বর, এটা আমার ঠিকানা, এটাই (তথ্য) সব।"

ওই অনুষ্ঠানে একজন উপস্থিত সাংবাদিক ভিকরি-কে এই খবর মেক্সিকান ন্যাশনাল ইলেকটোরাল ইনস্টিটিউট-এ পাঠাতে সহায়তা করেন। এই প্রতিষ্ঠানটি মেক্সিকোর জাতীয় নির্বাচন আয়োজন করে থাকে।

এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, "মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ফাইল স্টোরেজ সাইটে ভোটার নিবন্ধনের একটি কপি পাওয়া গেছে। অভ্যন্তরীণভাবে একটি তদন্ত শুরু হয়েছে আর নির্বাচনী অপরাধের জন্য বিশেষ প্রসিকিউটরের কাছে একটি মামলা করা হয়েছে।"

কর্তৃপক্ষ এ বিষয়ে জানার সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে। ২২ এপ্রিল অ্যামাজনের ক্লাউড সার্ভার থেকে সব তথ্য সরিয়ে ফেলা হয়।

এক বিবৃতিতে অ্যামাজন বলে, " সব (অ্যামাজন ওয়েব সার্ভিসেস) নিরাপত্তা ফিচার আর নেটওয়ার্ক যেভাবে বানানো হয়েছে সেভাবেই কাজ করছে। ২১ এপ্রিল এডব্লিউএস জানতে পারে এডব্লিউএস ক্লাউডে স্পর্শকাতর তথ্যসমৃদ্ধ একটি অরক্ষিত ডেটাবেইস রয়েছে আর এটি ইন্টারনেটে সবাই অ্যাকসেস করতে পারবে এমন অবস্থায় আছে।"

"এরপর আমরা গ্রাহকদের ইমেইল এবং ফোন, দুই মাধ্যমেই এ খবর জানাই। ২২ এপ্রিল থেকে এই ডেটাবেইস আর সবার জন্য উন্মুক্ত অবস্থায় থাকবে না।"

মেক্সিকোতে সরকারী অতিথি হিসেবে ভিকেরি-কে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি। তার স্ত্রী তার সঙ্গে যেতে পারলে তিনি আমন্ত্রণে সাড়া দেবেন বলে পরিকল্পনা করছেন।

চলতি মাসেই নির্বাচনের মাত্র এক মাস আগে ফিলিপিন্সে ঘটে যায় ইতিহাসের এ যাবতকালের সবচেয়ে বড় সরকারি তথ্য ফাঁসের ঘটনা। প্রায় সাত কোটি মানুষের হাতের ছাপ ও পাসপোর্টের তথ্যের মতো ব্যক্তিগত তথ্য ওই হ্যাকিংয়ে চুরি করা হয়েছে বলে জানা যায়। একই মাসে ঘটে ৫ লাখ তুর্কি নাগরিকের তথ্য ফাঁসে ঘটনা।