২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণপরিবহণ ‘আমূল’ পাল্টাবেন মাস্ক?

বরাবরই ভবিষ্যতের জন্য নানা উদ্ভাবনী ধারণা আনার জন্য নাম রয়েছে টেসলা প্রধান ইলন মাস্ক-এর। এবার আরও বড় পরিকল্পনা করছেন তিনি। আর এবার তিনি এমন এক 'মোবিলিটি' সেবার ধারণা দিতে যাচ্ছেন, যা আন্তঃনগরের জনসংখ্যার ঘনত্ব সমস্যা দূর করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 06:20 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

নরওয়েতে দেশটির প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গ আর পরিবহন ও যোগাযোগ মন্ত্রী কেটিল সলভিক-অলসেন এর সঙ্গে এক আলোচনায় অংশ নেন মাস্ক। ওই আলোচনায় তিনি ভবিষ্যৎ পরিবহনের সমাধান নিয়ে নিজের মতামত তুলে ধরেন জানিয়েছে জীবাশ্ম জ্বালানী থেকে বৈদ্যুতিক যানবাহন চালানোর ব্যবস্থার রূপান্তরবিষয়ক সংবাদ সাইট ইলেকট্রেক।

টেসলার এমন কিছু পরিকল্পনা রয়েছে যা গণপরিবহনে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে বলে জানিয়েছেন মাস্ক। "আমাদের একটি পরিকল্পনা আছে, যা পুরোপুরি বাসের মতো নয়, কিন্তু জনবহুল নগরের ঘনত্ব সমস্যা দূর করতে পারবে। আমার মনে হয় গণপরিবহনের ধারণা নিয়ে আমাদের পুনরায় ভাবা উচিত, যা জনগণ সাদরে গ্রহণ করবে, এর বেশি আমি আর বলতে চাই না", আলোচনায় সলভিক-অলসেন কে বলেন তিনি।

টেসলা এমন একটি যান বিবেচনা করছে, যা বাসস্টপের পরিবর্তে মানুষকে তার মূল গন্তব্যে পৌছে দিতে পারে। স্বয়ংক্রিয় যান এই সেবায় ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

পরিবহন ব্যবস্থায় ইলন মাস্কের আগ্রহ এই প্রথম নয়। মাস্ককে নভেম্বরে তৃতীয় প্রান্তিকের 'আর্নিং কল'-এ টেসলার উবারের মতো ব্যবসায় সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে নাকি এ ব্যাপারে জানতে চাওয়া হয়।

তখন তিনি বলেন, "কোনো ঘোষণার জন্য একটি সঠিক সময় রয়েছে এবং এখন সেই সঠিক সময় নয়।" এ ধরনের কোনো সেবা এখনও 'পরিপূর্ণ অবস্থায়' নেই বলেও মন্তব্য করেন মাস্ক।

তার এই মন্তব্য থেকে প্রতিষ্ঠানটির পরিবহন ব্যবস্থায় প্রবেশ করার ইঙ্গিত পাওয়া যায়- এমনটাই জানিয়েছে প্রযুক্তি সাইট টেক ইনসাইডার।

দ্রুতগতির হাইপারলুপ ট্রান্সপোর্ট সিস্টেমের ধারণাও মাস্কেরই দেওয়া। সৌরশক্তিনির্ভর এই প্রযুক্তিতে ক্যাপসুলের মাধ্যমে দ্রুত গতিতে যাত্রীরা কম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন।