নেক্সাসে ফিঙ্গারপ্রিন্টেই হবে ব্যাংকিং
এখন আঙ্গুলের ছাপ ব্যবহার করেই নিজেদের ব্যাংক অফ আমেরিকা-এর অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন গুগলের তৈরি নেক্সাস ফোন বা ট্যাবলেট ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক মার্কিন সংবাদ সাইট ভার্জ জানিয়েছে, নেক্সাসের উন্নত সংস্করণে অ্যান্ড্রয়েডের ‘নেটিভ ফিঙ্গারপ্রিন্ট এপিআই’ আছে। এই ফিচার প্রথম অ্যান্ড্রয়েডের মার্শমেলো সংস্করণেই আনা হয়েছিল। আর এখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ সব অ্যান্ড্রয়েড ‘এম’ ডিভাইস থেকেই ‘ফিঙ্গারপ্রিন্ট লগইন’ করা যাবে।
ব্যাংকটি ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রথম সব অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ‘ফিঙ্গারপ্রিন্ট সাইন-ইন’ চালু করলেও, ব্যবহারকারীরা শুধু স্যামসাং ডিভাইসগুলো থেকেই এর সুবিধা নিতে পারতেন।
২০১৫ সালের অক্টোবরে অভিষেক হয় গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলোর। গুগলের নেক্সাস ৫এক্স এবং নেক্সাস ৬পি স্মার্টফোনে মার্শমেলো রাখা হয় প্রি-ইনস্টলড অপারেটিং সিস্টেম হিসেবে।
