ত্রুটির কারণে গাড়ি ফেরত নিচ্ছে ফোর্ড
এয়ারব্যাগের সফটওয়্যারজনিত ত্রুটি মেরামত করতে ভারত থেকে ৪২ হাজার ৩শ'টি ছোট ফিগো এবং কমপ্যাক্ট সেডান ফিগো অ্যাসপায়ার গাড়ি ফেরত নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। সফটওয়্যারে ত্রুটির কারণে দূর্ঘটনায় পড়লে গাড়িগুলোর এয়ারব্যাগ ‘কাজ নাও করতে পারে’।
ফোর্ড ইন্ডিয়া সক্রিয়ভাবে এই দুই মডেলের গাড়িগুলোর নিরাপত্তার কারণে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত তৈরি গাড়িগুলো গুজরাটের সানন্দ কারখানায় ফেরত নেওয়া হবে একটি বিবৃতিতে জানায় প্রতিষ্ঠানটি।
গাড়িগুলোতে একটি সফটওয়্যার ত্রুটি থাকতে পারে, যার প্রভাব দূর্ঘটনার সময় এয়ারব্যাগের উপর পড়তে পারে। সফটওয়্যার আপগ্রেডের খরচ ফোর্ড ডিলারশিপের মাধ্যমে বিনামূল্যে করে দেওয়া হবে বলে জানিয়েছে ফোর্ড।
ইতিমধ্যেই ফোর্ড ডিলারশিপে সকল ফিগো এবং ফিগো অ্যাসপায়ার গাড়ির ত্রুটি সংশোধনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহকদের পুনরায় গাড়ি সরবরাহ করা শুরু হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানায়।
এর আগে ২০১৫ সালের নভেম্বরে ফোর্ড ভারতে গাড়ির পিছনের ‘সাসপেনশনে’ ত্রুটির কারণে ১৬ হাজার ৪শ' ৪৪টি ‘ইকোস্পোর্ট’ ফেরত নেয়। তারও আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে পিছনের বিমে এবং পাওয়ার স্টিয়ারিংয়ে সমস্যার কারণে ‘ফিগো’ এবং ‘ফিয়েস্তা’ মডেলদুটির ১ লাখ ৬৬ হাজার ২১টি গাড়ি ফেরত নেয় প্রতিষ্ঠানটি।
