কোথায় যাচ্ছে চীন-অ্যাপল সম্পর্ক?
অ্যাপলের মোবাইল বিনোদন সেবার উপর নিষেধাজ্ঞার ফলে প্রথমবারের মতো চীনে প্রতিষ্ঠানটির আইফোন বিক্রি কমে যেতে পারে।
বৃহষ্পতিবারে অ্যাপলের অনলাইন বুক এবং সিনেমা সেবার উপর নিষেধাজ্ঞা জারির পর চীনে প্রতিষ্ঠানটি নাজুক অবস্থানে দাঁড়ায়। অ্যাপল নির্বাহীরা জানিয়েছেন, প্রথমবারের মতো দ্বিতীয় প্রান্তিকে তাদের প্রতিষ্ঠানের বিক্রি কমে গেছে। মঙ্গলবার তারা দ্বিতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করে। যেহেতু চীন অ্যাপলের মূল আয়ের দ্বিতীয় বৃহত্তম মার্কেট, তাই বিনিয়োগাকারীরা বৃহত্তর চীনে যে কোনো সমস্যার ব্যাপারে সংবেদনশীল রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
নতুন ডিভাইসগুলো চীনে বেশ জনপ্রিয়তা অর্জন করায় অ্যাপলের নির্বাহীরা ক্রমবর্ধমান ব্যবসাকে আয়ের সম্ভাব্য উৎস হিসেবে দেখছিলেন বলে জানিয়েছেন বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘টেকঅ্যানালিসিস রিসার্চ’-এর বিশ্লেষক বব ও’ডানেল।
“এটা এমন একটি জায়গায় প্রশ্ন তোলে যা দীর্ঘমেয়াদে অ্যাপলের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ”, বলেন তিনি।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানায়, চীনের নিয়ন্ত্রকরা অ্যাপলের সেবাগুলো বন্ধ করে দিয়েছে। অনলাইন প্রকাশনা এবং কিছু বিদেশী সিনেমা প্রচারের পর এমন নিষেধাজ্ঞা আসে।
ও’ডানেল আরও জানান, এরকম বিভ্রাট খুবই যন্ত্রণাদায়ক যদি তা এভাবে চলতেই থাকে। অ্যাপল একটি বিবৃতিতে জানিয়েছে তারা চীনা গ্রাহকদের কাছে দ্রুত তাদের সেবা পুনরায় পৌঁছে দেওয়ার ব্যাপারে আশাবাদী।
অ্যাপলের চীনা সরকারের সঙ্গে কাজ করার শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে। যেখানে মোবাইলে অর্থ প্রদানে অ্যাপল পে’সহ বিভিন্ন সেবা দিয়ে আসছে মার্কিন এই প্রতিষ্ঠানটি। কিন্তু ভবিষ্যতেও সরকারের সাথে অ্যাপলের এরকম আন্তরিক ব্যবহার থাকবে কিনা সেই ব্যাপারে সন্দিহান কয়েকজন বিশ্লেষক।
অ্যাপলের উপর চীনা সরকারের চাপ সৃষ্টি করা কী তাহলে শুরু? এমনটাই প্রশ্ন করেন গবেষণা সংস্থা ফরেস্টার-এর বিশ্লেষক ফ্র্যাঙ্ক জিলেট। “এটা একটা প্রতীকী পর্যায়, ব্যাপারটি কতদূর অগ্রসর হয় সেটাই দেখার বিষয়”, মন্তব্য তার।
