অ্যাপল বুক, আইটিউনস মুভি চীনে নিষিদ্ধ
ইন্টারনেটে কী প্রকাশ করা যাবে, তা নিয়ে কঠোর আইন আরোপের প্রেক্ষিতে চীনে অ্যাপলের অনলাইন বই এবং সিনেমা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
চলতি বছর মার্চে এই আইন প্রকাশ করা হয়। এই আইনে অনলাইনে বিদেশী প্রকাশনাগুলোকে চীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
নতুন এই আইন অনুযায়ী, চীনাদের দেখানো সব কনটেন্ট দেশটির মূল ভূখণ্ডে থাকা সার্ভারের মধ্যে অবশ্যই জমা রাখতে হবে। খুব শীঘ্রই নিজেদের সেবা পুনরায় চালু করতে আশাবাদি মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।
রয়টার্স জানিয়েছে, এই মুহুর্তে চীন থেকে আইবুক স্টোর বা আইটিউনস মুভি সার্ভিসে প্রবেশ করা যাচ্ছে না। সেবাগুলোয় প্রবেশ করতে চাইলে একটি চীনা বার্তায় এগুলো 'অব্যবহারযোগ্য' বলে জানানো হচ্ছে। সেবা দুইটি চীনে প্রায় ছয় মাস ব্যবহারযোগ্য ছিল।
চীনের বাজারে পণ্য জনপ্রিয় করতে এবং বিক্রির পরিমান বাড়াতে চাওয়া অ্যাপলের জন্য এই পদক্ষেপ একটি বড় আঘাত হয়ে দাঁড়াবে কারণ, চীনের বাজার তাদের পণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার। অ্যাপলের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ঘোষণার কয়েকদিন আগেই এই নিষেধাজ্ঞার খবর এল।
চীনের মিডিয়া পর্যবেক্ষক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রেস পাবলিকেশন, রেডিও, ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ থেকে এই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ ইন্টারনেট এবং মিডিয়া প্রতিষ্ঠানের উপর চীনা সরকারের কড়া নিয়ন্ত্রণে বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ বলে ধারণা করা হচ্ছে।
চীন জানিয়েছে সন্ত্রাসী হামলা এবং ক্ষতিকর বিদেশী পরিকল্পনা রোধ করতে অনলাইন প্রকাশনায় এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ কঠোর নিয়ম চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে, আলিবাবা এবং টেনসেন্ট-এর জন্য লাভজনক হতে পারে।
