অর্থ দিয়ে চালকদের সঙ্গে 'সমঝোতায়' উবার
চালকদের সঙ্গে ‘স্বাধীন চুক্তিকারী’ না রেখে তাদেরকে ‘কর্মী’ হিসাবে নেওয়ার দাবিতে অনলাইন অ্যাপের মাধ্যমে ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেন চালকরা। ওই মামলায় উবারের ব্যবসায় কাঠামো বড় ধরনের হুমকির মধ্যে পড়ে। শেষ পর্যন্ত এই হুমকি থেকে প্রতিষ্ঠানটি 'বাঁচতে পেরেছে' বলে জানিয়েছে সিএনএন।
এক্ষেত্রে চালকদের অবস্থার পরিবর্তন করতে হচ্ছে না প্রতিষ্ঠানটিকে। তার বদলে ৩৮৫০০০ জন চালককে ১০ কোটি ডলার পরিশোধ করবে উবার।
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফর্নিয়া আর ম্যাসাচুসেটস-এ এই মামলা দুটি করা হয়েছিল। বর্তমানে উবারের বাজার মূল্য ৭ হাজার কোটি ডলার। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ৮ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করবে। আর প্রতিষ্ঠানটি পাবলিক হয়ে যাওয়ার পর বাকি ১ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করা হবে।
চালকদের সঙ্গে হওয়া ফয়সালায় থাকা আরও কিছু নিয়ম হচ্ছে- উবার কোনো চালককে সরাতে চাইলে তাদের আগে বহুবার সতর্ক করতে হবে, আর কোনো চালক যদি মনে করে তাকে অনৈতিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে তিনি যাতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আদালতে মামলা করতে পারেন তার সুযোগ রাখা হবে।
উবারের ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কর্মীদের প্রতিনিধিত্ব করবে ‘ড্রাইভার অ্যাসোসিয়েশনস’। তারা এই মীমাংসায় রাজি হলে, আদালত থেকে এটি অনুমোদন করা হলে তবেই কার্যকর হবে।
