২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের আরও কর দেওয়া উচিৎ: ওজনিয়াক

প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এবং তাদের কর দেওয়া নিয়ে সম্প্রতি চলতে থাকা আলোচনার বিষয়ে এবার মুখ খুললেন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 05:43 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

বিবিসিকে ওজনিয়াক জানিয়েছেন, তিনি নিজে যেমন তাঁর আয়ের ৫০ শতাংশ হারে কর দেন, অ্যাপলেরও উচিৎ সেই একই পথে হাঁটা। স্টিভ জবসের সঙ্গে ১৯৭৬ সালে তিনি যৌথভাবে অ্যাপল প্রতিষ্ঠা করলেও, ১৯৮৫ সালে তিনি প্রতিষ্ঠানটি থেকে বেরিয়ে আসেন। যদিও তিনি এখনও প্রতিষ্ঠানটির একজন শেয়ার হোল্ডার এবং অ্যাপলের কর্মীতালিকায় তার নাম এখনও আছে।

বিবিসি রেডিও ৫-এর ‘ওয়েক আপ টু মানি’ অনুষ্ঠানে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে যে পরিমান কর দেই, অ্যাপল অন্যায্যভাবে সেই পরিমান কর দেবে না, এ বিষয়টি আমার পছন্দ হয়নি।” তিনি আরও যোগ করেন, “আমি অনেক কাজ করি, অনেক ভ্রমণ করি এবং সবকিছুতেই ৫০ শতাংশের বেশি কর দেই। আমি বিশ্বাস করি, এটা জীবনের রকটা অংশ এবং এটা করা উচিৎ।”

তার সমপরিমান কর অ্যাপলেরও দেওয়া উচিৎ কিনা, এ ব্যাপারে স্টিভ ওজনিয়াককে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “পৃথিবীর সব প্রতিষ্ঠানেরই এই কাজ করা উচিৎ।”

যুক্তরাজ্যে বিক্রির ওপর নয় বরং লাভের ওপর কর দিতে হয় এবং প্রতিষ্ঠানটি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-এর গবেষণা অনুযায়ী, ২০১৫ সালে অ্যাপলের আনুমানিক মোট বিক্রির পরিমাণ ৭২০ কোটি ইউরো। আর অ্যাপল ইউকে লিমিটেড এবং অ্যাপল রিটেইল ইউকে লিমিটেড-এর ২০১৫ সালের আয় হয়েছিল শতকোটি ইউরো। লাভের পরিমাণ ছিলো ৯ কোটি ৭৩ লাখ ইউরো এবং অ্যাপল ১ কোটি ১৮ লাখ ইউরো বাণিজ্যিক কর প্রদান করে।

বরাবরই কর এড়িয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে গেছেন অ্যাপল প্রধান টিম কুক। ডিসেম্বরে তিনি বলেন, “অ্যাপলের ধার্য হওয়া প্রতিটি ডলার কর আমরা প্রদান করি।”