আগে নাম প্রকাশ পরে অভিযোগ
ডেটিং সাইট অ্যাশলি ম্যাডিসনের বিরুদ্ধে আদালতে অবিশ্বস্ততার অভিযোগ আনতে হলে বাদীপক্ষের সদস্যদের নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে হবে বলে রায় দিয়েছে আদালত।
২০১৫ সালের জুলাইয়ে অ্যাশলি ম্যাডিসনে বড় ধরনের সাইবার আক্রমণের ঘটনায় ৩ কোটি ২০ লক্ষেরও বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে পড়ে।
এ ছাড়াও প্রতিষ্ঠানটি একটি "ফুল ডিলিট" সেবা চালু রেখেছে, যাতে ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে ডেটাবেইজ থেকে নিজেদের সব তথ্য মুছে দেওয়ার সুযোগ পান। কিন্তু এরপরও তা প্রতিষ্ঠানটির সার্ভারে রয়ে যায় এবং হ্যাকারদের আক্রমণের মুখে প্রকাশিত হয়ে পড়ে।
অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি নিজেদের সিস্টেমকে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য নিরাপদ বলে দাবি করলেও বাস্তবে এতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেই বলে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে।
বাদীপক্ষ বর্তমানে অস্থায়ীভাবে "জন ডোজ" ছদ্মনাম ব্যবহার করছে। অতীতে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলায় নাম-পরিচয় গোপন রাখার উদাহরণ দেখিয়ে বাদীপক্ষের আইনজীবীরা স্থায়ীভাবে ছদ্মনাম ব্যবহারের অনুমতি চেয়ে ফেব্রুয়ারিতে আদালতে আবেদন জানান। এতে বলা হয়, বাদীপক্ষের সদস্যেরা "পরিবারের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সম্ভাব্য অস্থিতিশীলতার ঝুঁকি কমাতে" নাম গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ জন রস এ মাসের শুরুতে বাদীপক্ষের আবেদন নাকচ করে দেন। তিনি জানান, ধর্ষণ এবং যৌন নিপীড়নের শিকার ব্যক্তিরা ছাড়াও গর্ভপাত, এইডস এবং এলজিবিটি-এর মতো বিষয়গুলোর কারণে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের ছদ্মনাম ব্যবহারের সুযোগ রয়েছে। এ ছাড়াও ব্যবহারকারীদের নাম প্রকাশ করা হলে তা "বিব্রতকর পরিস্থিতি বা পরিচিতির ক্ষতির বাইরেও" চাকরি হারানো বা বিবাহবিচ্ছেদের মতো ঘটনায় পর্যন্ত গড়াতে পারে। কিন্তু অ্যাশলি ম্যাডিসন ব্যবহারকারীরা স্বেচ্ছায় সাইন আপ করেছেন।
তিনি আরও জানান, অ্যাশলি ম্যাডিসনের এই ৪২ জন ব্যবহারকারী বড় একটি দলের প্রতিনিধি, তাই তাদের নাম প্রকাশ করা বাঞ্ছনীয়। নাম গোপন রেখেও তারা এই দলের অংশ হিসেবেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করতে পারবেন, তবে এক্ষেত্রে তারা মামলায় জিতে গেলে প্রাপ্ত ক্ষতিপূরণের পরিমাণ কমে যাবে।
বাদীপক্ষের সব সদস্য পিছিয়ে গেলেই বিচারক তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে তার বরাতে জানায় সিএনএন।
অন্যদিকে বাদীপক্ষের আবেদনে "নাম-পরিচয় গোপন রাখার মতো ব্যক্তিগত তথ্যের উল্লেখ নেই" বলে দাবি করেছে অ্যাশলি ম্যাডিসনের মাতৃপ্রতিষ্ঠান অ্যাভিড লাইফ মিডিয়া। এ ছাড়াও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আদালতের পক্ষ থেকে বাদীপক্ষ সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে এমন কিছু মামলার উদাহরণ টেনে প্রতিষ্ঠানটি জানায়, এক্ষেত্রেও বাদীপক্ষের সদস্যদের নাম-পরিচয় প্রকাশের প্রয়োজন রয়েছে।
