'সাদামাটা' অ্যাপল কার?
অ্যাপলের গাড়ি নির্মাণ প্রকল্প "প্রজেক্ট টাইটান"কে গুরুত্বের সঙ্গেই নিয়েছে স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা ও গবেষক সমাজ।
সাম্প্রতিককালে স্বয়ংক্রিয় যানবাহনবিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন 'মোটর ট্রেন্ড' প্যাসাডেনা আর্ট কলেজ-এর শিক্ষার্থীদের কাছে "প্রজেক্ট টাইটান" নিয়ে অ্যাপলের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা আহ্বান করে। মোটর ট্রেন্ড ও আর্ট সেন্টারের এই যৌথ প্রকল্পের বিষয় ছিলো অ্যাপল কার-এ একটি গাড়ির প্রধান ও প্রাথমিক বিষয়গুলোই কতোটা অগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তারই একটি ধারণা দেওয়া।
অতীতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নজর ছিলো মানুষচালিত পরিবহন মাধ্যম হিসেবে গাড়ি তৈরির দিকে, যেখানে ইন্টারঅ্যাকটিভ প্লাটফর্ম হিসেবে এর গুরুত্ব ছিলো খুবই নগণ্য। বেশিরভাগ গাড়িতেই এএম/এফএম রেডিও-এর বাইরে তেমন কোনো মিডিয়াই ছিলনা। কিন্তু অ্যাপলসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যদি গাড়ি বানানোর দিকে ঝুঁকে পড়ে, তবে ধরে নেয়াই যায় যে গাড়ি ডিজাইনকে বর্তমান ব্যবসায়িক কাঠামোর সম্পূর্ণ বিপরীতমুখী একটি চ্যালেঞ্জ হিসেবে নেবে।
ব্যবহারকারীদের অ্যাপল কার-এ বসেই মিডিয়া ব্যবহারের সুযোগ দেওয়া হলে দৈনন্দিন জীবনে অ্যাপল পণ্যের ওপর নির্ভরশীলতা আরো বাড়বে। এ ছাড়া একা গাড়ি চালানোর ক্ষেত্রে ডিভাইস পরিবর্তনের ঝক্কি থেকে মুক্তি দেওয়া ছাড়া কোন বিশেষত্বই নেই গাড়িটির।
গাড়ি চালানো অবস্থায় ফোন ব্যবহার করার ঝুঁকি নিয়ে নতুন করে বলার আর কিছুই নেই। কেলি ব্লু বুক-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচটি সড়ক দুর্ঘটনার একটিরই কারণ গাড়িচালকের অন্যমনস্কতা। অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো হয়তো এ হার কিছুটা হ্রাস করতে পারবে, তবে গাড়ি চালানো অবস্থায় গাড়ির বিভিন্ন কন্ট্রোলে চোখ রাখাটা বিশাল ঝুঁকি হিসেবে কিন্তু থেকেই যাচ্ছে।
যাই হোক, এমনটা হতে পারে যে অ্যাপলের প্রজেক্ট টাইটান ব্যবহারকারীদের কাছে গাড়ি বিক্রির উদ্দেশ্যে পরিচালিত নয়। হয়তো গুগলের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং কারপ্লে-কে সংশ্লিষ্ট রাখার জন্য পরীক্ষামূলক একটি প্লাটফর্ম সৃষ্টিই এই প্রকল্পের উদ্দেশ্য। তবে ব্যবহারিক ক্ষেত্রে এর প্রভাব বিবেচনা করতে গেলে শুধু 'অ্যাপল' তকমাটিই এর একমাত্র বিশেষত্ব। যে উদ্ভাবনী চিন্তার ছাপ পাওয়া যায় অ্যাপলের প্রতিটি পণ্যে, তা এতে অনুপস্থিত থাকছে বলেই ধারণা করছে বিজনেসইনসাইডার।
