বন্ধ হচ্ছে এক্সবক্স থ্রিসিক্সটি
এক্সবক্স থ্রিসিক্সটি গেইম কনসোল বানানো বন্ধ করে দিতে যাচ্ছে মাইক্রোসফট।
বিবিসি জানায়, ২০০৫ সালে জাপানে প্রথম চালু হওয়ার ১০ বছর পর এই প্রকল্প বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। এক ব্লগ পোস্টে এক্সবক্স প্রধান ফিল স্পেন্সার জানান, এই ডিভাইসে গেইমাররা ৭৮০০ কোটি ঘণ্টারও বেশি সময় গেইম খেলেছেন।
স্পেন্সার জানান, বাজারে রয়ে যাওয়া এক্সবক্স থ্রিসিক্সটি কনসোলগুলো এখনও বিক্রি হবে এবং বর্তমান ব্যবহারকারীদের জন্য এই কনসোলে সেবা দেওয়া হবে।
তিনি বলেন, “গত দশ বছরে এক্সবক্স থ্রিসিক্সটি-এর হার্ডওয়্যার, সেবা এবং গেইম পোর্টফোলিও উন্নতির পেছনে যে কাজ এবং নিবেদন রয়েছে তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। আর ভক্তদের নিরবিচ্ছিন্ন আবেগ ও সমর্থনের জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।”
মাইক্রোসফটের এই পদক্ষেপ অনেকটাই প্রত্যাশিতই ছিলো বলে জানিয়েছে বিবিসি। এর আগে প্রতিষ্ঠানটি এক্সবক্স থ্রিসিক্সটির গেইমগুলো এর পরবর্তী সংস্করণ এক্সবক্স ওয়ানে খেলার সুবিধা চালু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/ইফতি/এপ্রিল ২২, ২০১৬
