২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এনএসএকাণ্ড’ যুক্তরাজ্যেও

২০০৫ সাল থেকে এ যাবত যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিযোগাযোগ সংক্রান্ত প্রচুর তথ্য সংগ্রহ অনুমোদন করেছে। সম্প্রতি প্রকাশিত কিছু নথি থেকে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যবহারকারীদের চিহ্নিত করতে সক্ষম বলে ধারণা করছে প্রাইভেসি ইন্টারন্যাশনাল। অলাভজনক এই প্রতিষ্ঠানটি বিভিন্ন বিষয়ে জনমত তৈরিতে সহায়তা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 06:18 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বিবিসি জানায়, ২০০৫ সালের ২১ জুলাই থেকে প্রতি ছয় মাস পর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে এমআইফাইভ গোপনে বিপুল পরিমাণ ‘অজ্ঞাত’ আর্থিক, টেলিযোগাযোগ ও ইন্টারনেট এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে বলে এসব নথি থেকে জানা গেছে। এসব নথিতে “যুক্তরাজ্য সরকারের টালমাটাল অবস্থার চিত্র” ফুটে উঠেছে বলে মন্তব্য করে প্রাইভেসি ইন্টারন্যাশনাল।

প্রাইভেসি ইন্টারন্যাশনাল জানায়, “গোয়েন্দা সংস্থাগুলো গোপনে আমাদের সম্পর্কে সম্ভাব্য সবরকম তথ্যে প্রবেশের সুযোগ নিয়েছে।” ব্যক্তিগত তথ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রবেশাধিকার প্রসঙ্গে ব্রিটিশ সংসদে প্রক্রিয়াধীন ইনভেস্টিগেটোরি পাওয়ার্স অ্যাক্টের দিকে ইংগিত করে প্রতিষ্ঠানটির কর্মকর্তা মিলি গ্রাহাম উড বলেন, “সংস্থাগুলো ১৫ বছর ধরে গোপনে এ কাজ করে যাচ্ছে এবং প্রথমবারের মতো গোপনে সংবিধানে এসব ক্ষমতা যোগ করার চেষ্টা চালাচ্ছে।”

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে জানায়, এসব তথ্য ১২ মাস পর পর মুছে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি আরও জানায়, “এসব তথ্য সংগ্রহ ও ব্যবহার গুরুত্বপূর্ণ এবং বিশেষ ধরনের জ্ঞান সরবরাহ করেছে। নিরাপত্তা ও ইন্টেলিজেন্স সংস্থাগুলো গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আধুনিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বহুল ব্যবহৃত তথ্য পর্যালোচনা পদ্ধতিই ব্যবহার করে থাকে।”

আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অধিকারে থাকা তথ্যের তালিকা প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এতে অন্যান্য বিষয়ের মধ্যে ‘বিদেশী যোদ্ধা’ ছদ্মনামে সিরিয়া ও ইরাকে সংঘর্ষে জড়িত জিহাদীদের চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে ধারণা করছে বিবিসি।

প্রাপ্ত নথিতে এসব তথ্য সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত বিস্তারিত পদ্ধতি বর্ণনা করা হয়েছে। তবে এ পদ্ধতি কতটা যৌক্তিক, তা সন্দেহবিদ্ধ। একটি ডকুমেন্টে জন্মদিনের কার্ড পাঠানোর উদ্দেশ্যে ঠিকানা খোঁজা এবং ব্যক্তিগত কারণে পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্যাবলী মতো ঘটনাগুলোকেও “ব্যবহারকারীদের সীমা অতিক্রম করা” হিসেবে অভিহিত করা হয়েছে।

কনজারভেটিভ দলের প্রাক্তন ‘ছায়া স্বরাষ্ট্র সচিব’ ও বর্তমান এমপি ডেভিড ডেভিস বলেন, “এটা স্পষ্ট যে সরকার শুধু নিরাপত্তার কারণেই এসব তথ্যের ব্যবহার গোপন রাখছে না, এতে বিব্রতকর পরিস্থিতি এবং জনগণের বিরোধিতা এড়ানোর বিষয়টিও রয়েছে।”

১৯৮৪ সালের টেলিকমিউনিকেশনস অ্যাক্টের ওপর ভিত্তি করে এসব তথ্য সংগ্রহ করা হয়। তবে এ প্রসঙ্গে সরকারি সন্ত্রাসবাদ সংক্রান্ত আইন বিষয়ক স্বাধীন বিশ্লেষক ডেভিড অ্যান্ডারসন কিউসি বিবিসিকে জানান, এই আইন “এতটাই ঘোলাটে যে তা যেকোন কাজে ব্যবহার করা যাবে।”