ড্রোন মালিকদের তথ্য চীনা সরকারের হাতে
ড্রোনকে সামরিক বাহিনীর ব্যবহারের কোটা থেকে সাধারণ মানুষের মাঝে নিয়ে আসা একটি প্রতিষ্ঠান হচ্ছে ডিজেআই। কিন্তু এই ড্রোন প্রযুক্তি যখন সাধারণ গ্রাহকদের হাতে পৌঁছে গেছে, তখন ড্রোন নির্মাতা এই প্রতিষ্ঠান আর এই খাত নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন হয়েছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
এ সব ড্রোন যেসব তথ্য সংগ্রহ করছে তা দিয়ে কী করা হবে? ছোট এই চালকবিহীন উড়ুক্কু যন্ত্রগুলো সাধারণত ক্যামেরা, জিপিএস সেন্সরসহ অন্যান্য ডিভাইস বহন করে থাকে, যার মাধ্যমে এই ড্রোনটি ব্যাখা করতে পারে তারা কোথায় ছিল, এবং কী দেখেছে। আর এর সঙ্গে যে প্রশ্নটি উঠে, তা হচ্ছে- কী পরিমাণ তথ্য স্থানীয় সরকার কে দেওয়া হবে?
নীতি নির্ধাকরা ড্রোন ব্যবহারে জনসাধারণের জন্য আইন অনেক শক্ত করে রাখায়, চীনে এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছে মার্কিন দৈনিকটি।
চীনের শেনজেন-এ ডিজেআই-এর প্রধান কার্যালয়ে চীনা এবং বিদেশী সংবাদকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র ঝ্যাং ফানশি জানান, চীনে ড্রোন থেকে সংগৃহীত তথ্য কীভাবে ব্যবস্থাপনা করা হবে তা নিয়ে প্রতিষ্ঠানটি এখনও কাজ করছে। কিন্তু এই মূহুর্তে এই তথ্য চেয়ে সরকারের করা অনুরোধে প্রতিষ্ঠানটি সম্মত হয়েছে বলেও জানান তিনি।
ডিজিআই এর আরেক মুখপাত্র অ্যাডাম ন্যাজবার্গ জানান, ডিজিআই সব অনুরোধ যাচাই করে, আইনগতভাবে বৈধ অনুরোধগুলোর ক্ষেত্রে সম্মতি জানাচ্ছে।
ডিজিআই মার্কিন যুক্তরাষ্ট্রেও ড্রোন বিক্রি করে থাকে। ন্যাজবার্গ আরও জানান, ব্যবহারকারীরা যে সব ভিডিও বা ছবি সোশাল মিডিয়ায় আপলোড করে থাকেন, তা কোনোভাবেই ডিজিআই-এর দেখা সম্ভব না। প্রতিষ্ঠানটির নিজস্ব মোবাইল অ্যাপটি ড্রোনের আকাশ ভ্রমণের অনেক ডেটা দিয়ে থাকে, যা থার্ড পার্টি-এর কোনো অ্যাপে করা সম্ভব নয়।
