তথ্য দেওয়ায় অ্যাপলের মার্কিন পক্ষপাত
ব্যবহারকারীদের তথ্য প্রকাশের জন্য মার্কিন সরকারের আবেদনের ক্ষেত্রে ক্রমেই পক্ষপাতিত্বমূলক আচরণ করছে টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিসি জানায়, সোমবার অ্যাপল তার ট্রান্সপারেন্সি রিপোর্টে ব্যবহারকারীদের কন্টাক্ট ইনফরমেশন, আইক্লাউড ও আইটিউনস সহ অন্যান্য ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্য প্রকাশের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে পাওয়া আবেদনের সংখ্যা প্রকাশ করে। এ প্রতিবেদনে দেখা যায়, ২০১৫ সালে ব্যবহারকারীদের ফোনের তথ্য প্রকাশের জন্য সরকারি নির্দেশের ক্ষেত্রে ৮০ শতাংশ সময়ই প্রতিষ্ঠানটি ইতিবাচক সাড়া দিয়েছে। যুক্তরাজ্যের ক্ষেত্রে এই হার ৫৫ শতাংশ এবং সমগ্র পৃথিবীর বিবেচনায় গড় হার ৬০ শতাংশ।
যুক্তরাষ্ট্রের বাইরেও অনেক দেশেই অ্যাপলের উপস্থিতি থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির এই পক্ষপাতিত্বমূলক আচরণকে আইন প্রয়োগকারী সংস্থার জন্য “খুবই হতাশাজনক” বলে মন্তব্য করেন ইউরোপোল-এর বর্তমান এবং জিসিএইচকিউ-এর প্রাক্তন উপদেষ্টা এক নিরাপত্তা বিশেষজ্ঞ।
অ্যাপলের প্রতিবেদন থেকে জানা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই হারানো বা চুরি হয়ে যাওয়া ফোনের জন্যই প্রতিষ্ঠানটি এ ধরনের আবেদন পেয়ে থাকে। এ প্রসঙ্গে বিবিসি জানায়, বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যপদ্ধতির ওপর ভিত্তি করে এই পার্থক্য সৃষ্টি হতে পারে।
গত তিন বছরের বিচারে বিবিসির বিশ্লেষণে দেখা গেছে, ডিভাইস রিকোয়েস্টের সংখ্যার দিক থেকে এগিয়ে থাকা পাঁচটি দেশের মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেই অ্যাপল বৈশ্বিক গড়ের চেয়ে বেশি হারে সাড়া দিয়েছে, যেখানে যুক্তরাজ্য এবং সিঙ্গাপুরে এই হার স্বাভাবিকের নিচে। এর কারণ হিসেবে অবশ্য যুক্তরাজ্যের “ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে কম সুরক্ষা”কে দায়ী করেন ইউনিভার্সিটি অফ সারে-এর অধ্যাপক অ্যালান উডওয়ার্ড।
এ প্রসঙ্গে মন্তব্যের জন্য বিবিসির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
