সার্চ ফল পাল্টানোর দোষ স্বীকারে ইউসি ডেভিস
'শান্তিপূর্ণ আন্দোলনকারীদের' উপর পেপার স্প্রে হামলার ঘটনার ছবি ধামাচাপা দিতে, ইন্টারনেট সার্চে কারসাজির জন্য জনসংযোগ প্রতিষ্ঠান ভাড়া করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ‘ইউনিভার্সিটি অফ ক্যালিনফোর্নিয়া, ডেভিস’-এর চ্যান্সেলর।
২০১১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ডেভিস ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বিক্ষোভকারীদের উপর আকস্মিকভাবে মরিচের গুড়া স্প্রে করলে, প্রতিবাদটি আন্তর্জান্তিক খবর হয়ে উঠে। আর ওই আন্দোলনের একটি ছবি বিশেষভাবে চমকে দেয় সবাইকে। ওই বিশ্ববিদ্যালয়টি সংক্ষেপে 'ইউসি ডেভিস’ নামেই বেশি পরিচিত।
ছবিটিতে দেখা যায়, জন পাইক নামের ওই পুলিশ কর্মকর্তা বসে থাকা বিক্ষোভকারীদের উপর মরিচের গুড়া ছিটিয়ে দিচ্ছেন। আর ক্যালিফোর্নিয়াভিত্তিক দৈনিক দ্য স্যাকরেমেন্টো বি-এর তথ্য অনুযায়ী, ইন্টারনেট থেকে ছবিটি মুছে ফেলতে কমপক্ষে ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার খরচ করে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের প্রতি নেতিবাচক মনোভাব দূর করার উদ্দেশ্যে একটি 'অনলাইন ব্র্যান্ডিং প্রচারণার জন্য অনেকগুলো জনসংযোগ সংস্থাকে ভাড়া করে' ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ডেভিস। আর বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ড. লিন্ডা কাটেহি এই ঘটনা সম্পর্কে জানতেন বলে জানায় এ ঘটনার সঙ্গে জড়িত একটি সংস্থা।
এখন গুগল ইমেজেস সাইটে 'ইউসি ডেভিস' লিখে সার্চ দিলেও একদম শীর্ষে ওই ছবি আসে না। এর সঙ্গে যদি 'পেপার স্প্রে' যোগ করা হয় তাহলে ফল নাটকীয়ভাবে ভিন্ন হয়। এ ছাড়াও ইউসি ডেভিসের উইকিপিডিয়া পেইজেও সুস্পষ্টভাবে ঘটনাটির উল্লেখ আছে। এর ইতিহাস শাখায় এই একটি মাত্র ঘটনাই দেওয়া রয়েছে।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ডেভিস একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ায় খরচ করা ওই ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার আসলে জনগণ ও করদাতাদের অর্থ এবং শিক্ষার্থীদের ফি থেকেই সংগ্রহ করা হয়েছে। এই অর্থ যে ‘নিজেদের কেলেঙ্কারি ঢাকার জন্য ব্যবহার করা উচিত হয়নি তা হয়তো বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা ভুলে গিয়েছেন’-- মন্তব্য করেছে ব্যবসা-বাণিজ্য ও প্রযুক্তিবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।
চ্যান্সেলর ড. লিন্ডা ক্যাটেহি অভিযোগ স্বীকার করে জানিয়েছেন, তিনি 'সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নামে একটি কাজ করাতে' একটি প্রতিষ্ঠান নিয়োগ করেছিলেন। কিন্তু, বিশ্ববিদ্যালয়টি 'ইতিহাস বদলাতে' চেয়েছিল এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
২০১১ সালের ওই ঘটনার পর ড. ক্যাটেহি-কে পদত্যাগ করার আহ্বান জানানো হলেও তিনি সে আবেদনে সাড়া দেননি বলে জানিয়েছে বিবিসি।
চলতি মাসে শুরুতে, স্যাকরারেমেন্টো বি-এর এক প্রতিবেদনে জানা যায়, সার্চ জালিয়াতির লক্ষ্যে মাসিক ১৫ হাজার ডলার দরে নেভিন্স অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি জনসংযোগ প্রতিষ্ঠানকে নিইয়োগ দেয় বিশ্ববিদ্যালয়টি।
