২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার স্যামসাংয়ের 'পিংক গোল্ড'

স্মার্টফোনের বাজারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এবং দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের দ্বৈরথটা বেশ পুরনো। সম্প্রতি বাজারে আসে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৭ এবং গ্যালাক্সি এস৭ এজ। এই ডিভাইস দুটি দিয়েই নতুন করে আইফোনকে টেক্কা দেওয়ার প্রয়াস করছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 08:02 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

উন্নত প্রসেসর, ক্যামেরা এবং পানি নিরোধক এই ফোনটি বাজারে ইতোমধ্যেই বেশ ভালো জনপ্রিয়তাও পেয়েছে। এ যাবত ব্ল্যাক অনিক্স, গোল্ড প্লাটিনাম, হোয়াইট পার্ল এবং সিলভার টাইটেনিয়াম এই চারটি রঙ্গেই পাওয়া যাচ্ছিল ফোন দুটি। এবার আইফোনের পথ অনুসরণ করে সেই বহরেই যুক্ত হতে যাচ্ছে নতুন ‘পিংক গোল্ড’ রঙ, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

২০১৫ সালের শেষদিকে আইফোন ৬এস এবং ৬এস প্লাসে ‘রোজ গোল্ড’ রঙ আনে অ্যাপল। এক্ষেত্রে স্যামসাংয়ের ভিন্নতা এর নাম দেওয়া হয়েছে ‘পিংক গোল্ড’। নতুন এই রঙ নিয়ে স্যামসাং জানায়, তারা 'শান্ত, ভদ্র, উজ্জ্বল এবং অভিজাত' কিছু করতে চেয়েছে। 

‘রোজ গোল্ড’ রঙ দিয়ে এশিয়ার বাজারে আইফোনের প্রি-অর্ডার বাণিজ্যকে টেক্কা দিতেই এমন উদ্যোগ নিয়েছে স্যামসাং এমন ধারণাও করা হচ্ছে। স্যামসাংয়ের নতুন এই ‘পিংক গোল্ড’ রঙটি আপাতত কোরিয়ার বাজারেই চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পরে বাজারের অবস্থা বুঝে অন্যান্য দেশেও নতুন রঙয়ের এস৭ এবং এস৭ এজ আনা হবে বলেও স্যামসাংযের পক্ষ থেকে জানানো হয়।