২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ হাজার কর্মী ছাঁটাইয়ে ইনটেল

পড়তির দিকে থাকা ব্যক্তিগত কম্পিউটার ব্যাবসায়ের উপর নির্ভরতা কমাতে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ মাইক্রোচিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির পুনর্গঠন খরচ উঠাতে দরকার হবে প্রায় ১শ' ২০ কোটি মার্কিন ডলার, জানিয়েছে বিবিসি। একটি বিবৃতিতে ইনটেল জানায়, আগামী ১২ মাসের মধ্যে ইনটেল তাদের এই কর্মী ছাঁটাই সম্পন্ন করবে, যা তাদের মোট কর্মী সংখ্যার প্রায় ১১ শতাংশ। ইনটেল জানিয়েছে, তারা ‘শুধুই একটি কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান থেকে ক্লাউড এবং অসংখ্য স্মার্ট ডিভাইস-এর ক্ষমতা প্রদানকারী প্রতিষ্ঠান হতে চায়।’

মঙ্গলবার প্রতিষ্ঠানটি আরও জানায়, প্রধান অর্থ কর্মকর্তা স্টেসি স্মিথ বিক্রয়, উৎপাদন এবং কার্যক্রমবিষয়ক নতুন দায়িত্বে নিয়োজিত থাকবেন।

ওয়াল স্ট্রিটে 'আফটার-আওয়ার্স' লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ার ২.৫ শতাংশ কমে যায়। এই বছর ইনটেলের শেয়ার ইতোমধ্যেই কমে গেছে ৮.৪ শতাংশ। সর্ববৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি এ বছর তাদের লাভের পূর্বাভাসও অনেক কম করেছে। ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠান এখন ছোট হয়ে আসা পিসি ব্যবসায়ের উপর নির্ভরতা কমিয়ে ডেটা সেন্টার ব্যবসায়ের উপর বেশি মনযোগ দিতে চাচ্ছে।

গবেষণা প্রতিষ্ঠান আইডিসি সোমবার জানায়, বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক ব্যক্তিগত কম্পিউটারের বিক্রি ১১.৫ শতাংশ কমে যায়। ইনটেল এখনও নির্দিষ্ট করে জানায়নি তাদের কর্মী ছাঁটাই কোথায় হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির অধিকাংশ কারখানাই যুক্তরাষ্ট্রে অবস্থিত। এনপিডি-এর গবেষক স্টিফেন বেকার-এর মতে, কর্মী ছাঁটাইয়ের ব্যাপারটি আকস্মিক নয়।

“যারা পুরনো প্রযুক্তির সাথে নিজেদের বেশি অভ্যস্ত করে ফেলেছেন, তাদের জন্য বর্তমান পরিস্থিতি বেশ অস্বস্তিকর”, বলেন তিনি।