এবার 'ভুল' মিতসুবিশি'র
গাড়ির জ্বালানী খরচের হার ভুল প্রকাশ করার কথা স্বীকার করেছে জাপানি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি। অনলাইনে এক বিবৃতিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, প্রায় ৫ লাখ গাড়ির জ্বালানী খরচের হার ভুল প্রকাশ করেছে মিতসুবিশি। চারটি মডেলের গাড়িতে এই ভুল পরীক্ষা চালিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে দু’টি মডেল প্রতিষ্ঠানটির নিজস্ব এবং অন্য দু’টি নিসান মোটরের জন্য তৈরি করা হয়। জাপানি আইনের বাইরে ৬ লাখের বেশি গাড়ির ভুল পরীক্ষা করেছে এই প্রতিষ্ঠান।
এই ভুলের জন্য মিতসুবিশির পক্ষ থেকে বলা হয়, “এই বিষয়ের জন্য আমরা আমদের গ্রাহক এবং শেয়ারধারীদের নিকট গভীরভাবে দুঃখিত। এই বিষয়ের গুরুত্ব বিচার করে আমরা বাইরের বাজারের এসব পণ্যের উপর তদন্ত চালাব।”
প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বলা হয়, “যেসব গাড়ি নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো কেবল জাপানের নিজস্ব বাজারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার বাজারে নয়।”
যুক্তরাষ্ট্র মিতসুবিশি মোটর্স-এর ব্যবস্থাপনা পরিচালক ল্যান্স ব্র্যাডলি বলেন, “যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান মডেলের ক্ষেত্রে এই সমস্যার কোনো প্রমাণ মেলেনি।”
এর আগে আরেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোকসভাগেনের পরিবেশবান্ধব প্রযুক্তির ক্ষেত্রে জালিয়াতি নিয়েও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল।
