জুনে অ্যাপল ডেভেলপার্স সম্মেলন
চলতি বছর ১৩ থেকে ১৭ জুন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো-তে অনুষ্ঠিত হবে অ্যাপল ডেভেলপারদের নিয়ে অ্যাপলের বার্ষিক সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)-এর এবারের আসর, সোমবার ঘোষণা দিয়েছে এই মার্কিন টেক জায়ান্ট।
এই সম্মেলনের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রতিষ্ঠানটি আইফোন, আইপ্যাড আর ম্যাক কম্পিউটারসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ডিভাইসের সফটওয়্যার বানায় এমন প্রোগ্রামারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পায়। সেই সঙ্গে অনেক সময় এই অনুষ্ঠানে নিজেদের কোনো নতুন সফটওয়্যার বা হার্ডওয়্যার প্রদর্শনও করে থাকে।
টাইম ম্যাগাজিন-এর প্রতিবেদনে জানা যায়, অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিলিপ শিলার বলেন, "চারটি উদ্ভাবনী অপারেটিং সিস্টেম আর একটি নতুন সহজ প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিশ্বব্যাপী শতকোটি ডিভাইস চলছে, আমাদের ডেভেলপারদের একত্রে নিয়ে আসার চেয়ে কোনো মূহুর্তই এতটা উত্তেজনাকর ছিল না।"
এই সম্মেলনের সীমিত সংখ্যক টিকেট অ্যাপলের ওয়েবসাইট থেকে কেনা যাবে। আর টিকেট কিনতে না পারলে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে টিভিতে দেখা যাবে এই অনুষ্ঠান।
