২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল দলের সাইটও হারিয়েছে 'দূর্ঘটনায়'

দূর্ঘটনাবশত মুছে গিয়েছে স্কটিশ লিগ কাপ জয়ী ফুটবল দল রস কাউন্টির ওয়েবসাইট, এর ফলে খেলার টিকেট বিক্রিতে বিপত্তির মুখে পড়েছে দলটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 06:40 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

সম্প্রতি ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান ১২৩-রেজ ‘দুর্ঘটনাক্রমে’ তাদের গ্রাহকদের অজানা সংখ্যক ওয়েবসাইট মুছে ফেলে। আর ওই ফুটবল দলের ওয়েবসাইটও এই হোস্টিং প্রতিষ্ঠানের আওতাধীন ছিল।

হোস্টিং প্রতিষ্ঠানটি তথ্য পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করলেও তাদের গ্রাহকদের ‘নতুন করে ওয়েবসাইট তৈরির’ পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটি মুছে যাওয়া ওয়েবসাইটগুলোর সংখ্যা জানাতে অস্বীকৃতি জানালেও, এটি একটি ‘ছোট অংশ’ বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে প্রায় ৮ লাখ গ্রাহকের ১৭ লাখ ওয়েবসাইট হোস্ট করে।

স্কটল্যান্ডের ডিংওয়ালভিত্তিক রস কাউন্টির ডেভিড ও'কনর জানিয়েছেন, সামনের রবিবার (২৩ এপ্রিল) সেলটিক-এর বিরুদ্ধে ম্যাচের আগে এমন সমস্যার মুখে পড়ল ক্লাবটি। তিনি বলেন, "আমাদের টিকেট, পণ্যসামগ্রী বিক্রির জন্য অনলাইন একটি গুরুত্বপূর্ণ অংশ আর এই ওয়েবসাইটেই ভক্তরা বাসের আসন সংরক্ষণ করে আর ম্যাচের বিষয়ে তথ্য পায়।"

ওয়েবসাইট না থাকা অবস্থায় সমর্থকদের ফোনের মাধ্যমে ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে আর টিকেটের জন্য তাদেরকে সরাসরি স্টেডিয়ামে আসতে বলা হয়েছে।

ও'কনর বলেন, "নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে এমন ভক্তের জন্য মাঠে এসে টিকেট কেনা সহজ নয়। আমাদের ভক্তরা অনেকেই হাইল্যান্ডস-এ থাকেন আর এর মানে হচ্ছে তাদেরকে ডিংওয়াল-এ আসতে অনেক দূর ভ্রমণ করতে হবে।"

ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, তারা তাদের ভিপিএস সিস্টেমে একটি ‘ক্লিন আপ টাস্ক’ চালানোর সময়ে কোডিংয়ের একটি ভুলে কিছু গ্রাহকের ওয়েবসাইট পুরোপুরিভাবে মুছে গেছে। ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে ঘটনাটি ঘটার জন্য একবারেই অনেক ওয়েবসাইট মুছে গেছে। ১২৩-রেজ বিবিসিকে জানায়, তাদের সব গ্রাহকের তথ্য তাদের কাছে ব্যাকআপ করা ছিল না, কিন্তু তারা তথ্য পুনরুদ্ধার প্রক্রিয়াটি ঠিকভাবে সম্পন্ন করার জন্য একজন তথ্য পুনরুদ্ধার বিশেষজ্ঞের সঙ্গে কাজ করছে।