২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়িক ক্ষতির মুখে ইয়াহু

প্রযুক্তিক্ষেত্রে নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করতে প্রাণান্তিক প্রচেষ্টার পর ত্রৈমাসিক প্রতিবেদনে ৯.৯ কোটি ডলার (৬.৮ কোটি ইউরো) ক্ষতির সম্মুখীন হওয়ার খবর প্রকাশ করলো ইয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 06:38 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

ইয়াহু-এর প্রধান অর্থ কর্মকর্তা কেন গোল্ডম্যান জানান, এই ফলাফল তাদের ধারণক্ষমতার উর্ধ্বে এবং প্রতিষ্ঠানটি বিকল্প কৌশল খুঁজে বের করার প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

২০১৫ সালে ৪৪০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়ে ধুঁকতে থাকা এই ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানটি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ফেব্রুয়ারিতে ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ার জানান, প্রতিষ্ঠানটি "সম্ভাব্য কৌশলগত বিকল্পের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।"

এই ধ্বসের পরও পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার ১.৫ শতাংশ বেড়েছে।

গুগল, অ্যামাজন এবং ফেইসবুকের মতো ওয়েবসাইটগুলোর ভিড়ে হারিয়ে যাওয়ার আগে ইন্টারনেট দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করা এই প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারিতে এর মূল ব্যবসা নিলামে তোলে। সম্ভাব্য ক্রেতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট ভেরাইজন কমিউনিকেশনস, প্রকাশনা সংস্থা টাইম ইনকর্পোরেডেট ছাড়াও বেসরকারি ইকুইটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান টিপিজি এবং কোলবার্গ ক্র্যাভিস রবার্টস-এর নাম শোনা গেছে। এ ছাড়াও ডেইলি মেইল-এর প্রকাশক প্রতিষ্ঠানটির মালিকানা কেনার বিষয়ে বেসরকারি ইকুইটি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় রয়েছে বলে জানায় স্কাইনিউজ।

প্রতিযোগিতার দৌঁড়ে পিছিয়ে পড়ার পরও প্রতি বছর শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই ২১ কোটি মানুষ ইয়াহু ব্যবহার করে বলে জানিয়েছে স্কাই নিউজ।