‘মজবুত’ স্মার্টফোন আনছে ডিওয়াল্ট
যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিশ্বখ্যাত নির্মাণ-যন্ত্রাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিওয়াল্ট নির্মাণকর্মীদের জন্য বিশেষভাবে তৈরি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরি করার মাধ্যমে পা রাখলো স্মার্টফোনের জগতে। ৫৪৪ মার্কিন ডলার মূল্যের স্মার্টফোনটির অন্যতম বিশেষত্ব হচ্ছে, এটি অত্যন্ত মজবুত। দুই মিটার ওপর থেকে এটি কংক্রিটের ওপর পড়লেও অক্ষত থাকবে এবং ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায়ও এটি ভালোভাবেই কাজ করবে, জানিয়েছে বিবিসি।
ডিওয়াল্টের প্রতিযোগী প্রতিষ্ঠান ক্যাটারপিলার ইতোমধ্যেই নিজেদের ‘শক্ত স্মার্টফোন’ নির্মাতা হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। শক্ত ফোনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেই বিবিসি-কে খুচরা বিক্রেতারা জানিয়েছে।
টাফফোনস এর ক্রয় সংক্রান্ত পরিচালক জেমস বুকার বলেন, “নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কর্মীরা এবং খেলোয়াড়রা বুঝতে শুরু করেছে যে ফোনের একটা মোটা কাঠামো থাকাটাই যথেষ্ঠ নয়।” বুকার ব্যাখ্যা করেন, একটা ‘শক্ত ফোন’ হিসাবে স্বীকৃত হওয়ার জন্য ফোনটির অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে লম্বা সময় ধরে একটি যন্ত্রের মধ্যে ঘূর্ণন। তাদের অবশ্যই পানিরোধী এবং ধূলারোধীও হতে হবে।
ফোনগুলো শক্ত এবং এর ভেতরে ব্যাটারির জন্য যথেষ্ঠ জায়গা রয়েছে বলে ডিওয়াল্ট ফোনগুলোতে আট ঘণ্টা পর্যন্ত টানা কথা বলা সম্ভব হবে। বুকার বলেন, “সাধারণ স্মার্টফোনগুলোর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে, তারা ছিপছিপে গড়নের হয়, এবং নিশ্চিতভাবেই কেমন আকারের ব্যাটারি এখানে আঁটবে, তার সাথে এর সম্পর্ক রয়েছে।”
ফোনটির বেশিরভাগ বৈশিষ্ট্য এই ক্ষেত্রে সাধারণ হলেও ডিওয়াল্ট এর এমডি৫০১ মডেলের ফোনটিতে থাকছে ইন-বিল্ট ওয়্যারলেস চার্জিং, যেটি অসাধারণ, তিনি যোগ করেন। ফোনটির টাচস্ক্রিন বাণিজ্যিকভাবে উৎপাদিত গরিলা গ্লাস দিয়ে তৈরি, যেটি অত্যন্ত শক্ত কিন্তু পাতলা কাঁচের তৈরি।
হ্যান্ডসেটটি বাজারে আসছে গ্লোবাল মোবাইল কমিউনিকেশন্স এর সহযোগিতায়।
