তাহলে ইয়াহু’র মালিক হচ্ছে ভেরাইজন?
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু কেনার জন্য প্রস্তাবনা জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। কিছু প্রতিবেদন থেকে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিভিত্তিক যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান ভেরাইজনকেই এগিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছে সিএনএন।
ভেরাইজন-এর প্রধান নির্বাহী লয়েল ম্যাকাডাম এবং প্রধান অর্থ কর্মকর্তা ফ্রান্সিস শ্যাম্মো দুইজনই শেষ কয়েক মাসে বিভিন্ন সাক্ষাৎকার এবং বিনিয়োগ সম্মেলনে ইয়াহু-এর প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেছেন।
যদিও আগেই ভেরাইজন এই ইন্টারনেট প্রতিষ্ঠানকে কেনার আগ্রহ দেখিয়েছে। এর আগে মার্কিন প্রতিষ্ঠান এওএল-কে কেনার জন্য প্রায় ৪শ ৪০ কোটি ডলারের প্রস্তাব দেয় ভেরাইজন। এমনকি ২০১৫ সালে ভেরাইজন ২৫ কোটি ডলার বিনিয়োগ করে মিলেনিয়াল মিডিয়া নামের একটি প্রযুক্তিবিষয়ক বিজ্ঞাপন প্রতিষ্ঠান কেনে।
এওএল প্রধান টিম আর্মস্ট্রং এবং ইয়াহু প্রধান মারিসা মায়ার দুইজনই গুগলের প্রাক্তন কর্মী ছিলেন। কিন্তু ভেরাইজন ইয়াহু কেনার পর মায়ার আর ইয়াহুতে থাকবেন কিনা তা অনেকটা অস্পষ্ট।
গবেষকদের ধারণা, তিনি থাকবেন না, কেননা আর্মস্ট্রং এর সঙ্গে তার একটা বিরোধ আছে, যেখানে আবার আমস্ট্রং আর মারিসা দুইজন এই চুক্তির প্রধান হয়ে কাজ করছেন। এই কারণে এই চুক্তি সম্পন্ন হওয়া নিয়ে বিপত্তি আসতে পারে বলে ধারণা প্রকাশ করেছে সিএনএন।
