২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে ‘নড়েছে’ জাপানের প্রযুক্তি খাত

শক্তিশালী ভুমিকম্পে জাপানের বড় প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হচ্ছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 08:46 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

টয়োটা জানিয়েছে, ভূমিকম্পের কারণে তারা যন্ত্রাংশ স্বল্পতার মুখে পড়েছে। এর ফলে এই সপ্তাহে জাপানে প্রতিষ্ঠানটির গাড়ির উৎপাদন বন্ধ রয়েছে। এ ঘটনায় সোমবার টয়োটার শেয়ার ৪.৮ শতাংশ পড়ে যায়।

ভূমিকম্পের একটি সিরিজ দক্ষিণ জাপানের কিউশুতে প্রধান গাড়ি নির্মাতা এলাকাকেও কাঁপিয়ে দেয়। বৃহস্পতিবার এবং শনিবারের দুইটি বড় শক্তিশালী ভুমিকম্পে অনেক মানুষ মারা যায় এবং হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও এই দুর্যোগের পর একই সমস্যার কথা জানায় বলে জানিয়েছে সিএনএন।

কুমামতোতে সবচেয়ে শক্তিশালী ভুমিকম্পে আরেক জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডার একটি মোটরসাইকেল কারখানায় কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কারখানাটিতে প্রতিদিন ৭৫০টি মোটরবাইক তৈরি করা হত। প্রতিষ্ঠানটি অন্তত শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে আর কারখানাটি আদৌ খুলবে কি-না সে ব্যাপারে তারা পরবর্তীতে তাদের সিদ্ধান্ত জানাবে।

নিসানের দুইটি কারখানাও ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারখানাটি আবার চালু করা হবে কিন্তু কবে নাগাদ পুরোদমে কাজ শুরু হতে পারে তা বলা কঠিন। গাড়ি নির্মাতারা ছাড়াও ইলেকট্রনিক্স জায়ান্ট সনি জানিয়েছে, কুমামতোতে তাদের ইমেজ সেন্সর এবং সেমিকন্ডাক্টর তৈরির কার্যকরম বন্ধ রয়েছে।

অন্যদিকে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা তেমন বড় নয় এবং বড় প্রতিষ্ঠানগুলো শীঘ্রই তাদের স্বাভাবিক উৎপাদনে ফিরে যেতে পারবে বলে মত দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনোমিকস-এর গবেষক মার্সেল থাইলিয়ান্ট।