আইবিএম-এর আয় কমছেই
শেষ ১৪ বছরে প্রান্তিক আয়ের হিসাবে সবচেয়ে কম আয়ের মুখোমুখি হয়েছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন বা আইবিএম। নিজেদের প্রচলিত ব্যবসায়ের সঙ্গে ক্লাউড আর মোবাইল কম্পিউটিং ব্যবসায় যোগ করার পর, নতুন খাতগুলো দিয়ে প্রচলিত ব্যবসায়ের মন্দা অবস্থা কাটিয়ে নিতে না পারায় প্রতিষ্ঠানটির শেয়ার ৫ শতাংশ কমে যায়।
প্রতিষ্ঠানটিকে 'বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান' হিসাবে উল্লেখ করে রয়টার্স জানায়, চলতি বছর প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ৪.৬ শতাংশ কমে ১৮৬৮ কোটি ডলারে নেমে আসে। যদিও, বিশ্লেষকদের দেওয়া পূর্বাভাস থেকে এর মূল্য গড়ে ১৮২৯ কোটি ডলার পাওয়া গিয়েছিল।
এ নিয়ে একটানা ১৬টি প্রান্তিকে আয় কমার মুখোমুখি হলো আইবিএম।
বিশ্লেষক প্রতিষ্ঠান বার্নস্টাইন-এর বিশ্লেষক টনি স্যাকনাঘি এক গবেষণা প্রতিবেদনে জানান, আইবিএম-এর প্রচলিত ব্যবসায় পড়ে যাওয়ার ফলে প্রতিষ্ঠানটির বাড়তি আয় অর্জনের সক্ষমতা কমিয়ে দিয়েছে।
ক্লাউড আর মোবাইল কম্পিউটিং, ডেটা বিশ্লেষণ, সামাজিক ও নিরাপত্তা সফটওয়্যারসহ 'কৌশলগত কাজ' থেকে হওয়া আয় প্রথম প্রান্তিকে ১৪ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার খাতে ২১.৮ শতাংশ আর সেবাখাতে ৪.৩ শতাংশ আয় হ্রাস পেয়েছে।
এই প্রান্তিকে আইবিএম-এর প্রতি শেয়ার মূল্য ২.০৯ ডলার করে হবে, বিশ্লেষকদের পূর্বাভাস থেকে করা গড়ে এই অংকই পাওয়া যায়। কিন্তু এ ক্ষেত্রে আইবিএম পূর্বাভাসকে হারিয়ে প্রতি শেয়ার মূল্য ২.৩৫ ডলার করতে সক্ষম হয়েছে।
সোমবার শেয়ারবাজারের লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত হিসাব অনুযায়ী, আইবিএম-এর শেয়ার মূল্য এই বছর ১০.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
