কপিরাইট লড়াইয়ে জিতলো গুগল
টেক জায়ান্ট গুগল ও লেখকদের একটি সংগঠনের মধ্যে দীর্ঘ ১১ বছর ধরে চলতে থাকা আইনি লড়াইয়ে গুগল-এর পক্ষে রায় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত।
গুগল লেখকদের অনুমতি ছাড়াই বই স্ক্যান করার মাধ্যমে কপিরাইট আইন লংঘন করছে - লেখক সমিতি 'অথর্স গিল্ড'-এর এমন অভিযোগের প্রেক্ষিতে আদালত এই রায় দেয়। এতে এও উল্লেখ করা হয়, এ প্রসংগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো আপিল গ্রহণযোগ্য হবে না। এ প্রসংগে উচ্চ আদালতের রায়ই চূড়ান্ত বলে জানিয়েছে বিবিসি।
গুগল ডেটাবেইজে লাখ লাখ বই এবং সাহিত্যকর্মের মধ্যে কপিরাইট আইনের উর্ধ্বে এমন অনেক পুরোনো বই ছাড়াও বহু সাম্প্রতিককালে প্রকাশিত সাহিত্যকর্মও রয়েছে। গুগলের এই প্রকল্প লেখকদের সাহিত্যকর্ম থেকে আয় কমিয়ে দিচ্ছে বলে দাবি করেছে অথর্স গিল্ড।
বিবিসি জানায়, গুগল ২০০৪ সালে এই প্রক্রিয়া শুরু করে। এর উদ্দেশ্য ছিলো তাদের সার্চএবল ডেটাবেইজে নির্দিষ্ট কিছু লেখার অংশ যোগ করা। পরবর্তীতে এ কারণে অথর্স গিল্ড ২০০৫ সালে গুগলের বিরুদ্ধে আদালতে মামলা করে।
অন্যদিকে এই ডেটাবেইজকে "ডিজিটাল যুগের একটি তথ্যভাণ্ডার" হিসেবে অভিহিত করে গুগল জানায়, এখানে সুরক্ষিত সাহিত্যকর্মের "যথাযোগ্য ব্যবহার" হচ্ছে।
এই মামলায় হেরে গেলে প্রতিষ্ঠানটি শত শত কোটি ডলার জরিমানার সম্মুখীন হত বলে জানিয়েছে বিবিসি।
অথর্স গিল্ড-এর বরাতে বিবিসি জানায়, আদালতের আপিল গ্রহণ না করার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট রক্সানা রবিনসন বলেন, "আমরা বিশ্বাস করে এসেছি এবং এখনও বিশ্বাস করি যে লেখকদের সাহিত্যকর্ম ব্যবসায়িক কাজে ব্যবহৃত হলে তাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত।"
