২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘থ্রিডি টাচ’-এর অ্যান্ড্রয়েড সংস্করণ

ডিভাইস-নির্মাতাদের জন্য অ্যাপলের ‘থ্রিডি টাচ’ চাপ-সংবেদী স্ক্রিন-এর নিজস্ব সংস্করণ তৈরি করার কাজটি আরও সহজ করতে যাচ্ছে অ্যান্ড্রয়েড এন। আশা করা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়ার পরই এই ফিচারের নামকরণ করবে গুগল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 07:23 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

চলতি বছর ১৩ এপ্রিল মুক্তি পাওয়া অ্যান্ড্রয়েড এন-এর বেটা সংস্করণে রয়েছে ‘লঞ্চার শর্টকাট’ নামে একটি সুবিধা। এই ফিচার সম্ভবত এই অপারেটিং সিস্টেমের সবচেয়ে আকর্ষণীয় দিক হতে যাচ্ছে বলে মত দিয়েছে মার্কিন সংবাদ সাইট ভার্জ। এর ফলে ডেভেলপাররা 'দ্রুত কাজ করার জন্য ব্যবহারকারীকে লঞ্চারে প্রয়োজনমতো শর্টকাট ব্যবহার করতে দেওয়ার সুযোগ দিতে পারবে।'

‘নোভা লঞ্চার’-এর ডেভেলপারদের নিয়ে তৈরি ওয়েবসাইট ‘ফ্যান্ড্রয়েড'স’ নতুন ‘সেটডায়নামিকশর্টকাটস’ সুবিধাটি পরীক্ষা করে দেখছে। শর্টকাটটি কীভাবে চালু হয় তা নিয়ে সুনির্দিষ্টভাবে অ্যান্ড্রয়েড কিছু না বললেও, এর জন্য সবচেয়ে যৌক্তিক উপায়টি সম্ভবত একটি চাপ-সংবেদী স্ক্রিন। তবে, শুধু এই ছোট সুবিধাটি দিয়েই নিশ্চিত হওয়া সম্ভব নয় যে, অ্যান্ড্রয়েড এন আসলেই থ্রিডি টাচ জাতীয় কোন সুবিধা দিতে যাচ্ছে কিনা।

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অপারেটিং সিস্টেমেই এই সুবিধা চেয়েছে, যাতে তাদের আলাদাভাবে এটা তৈরি করতে না হয়। অর্থাৎ, হুয়াউয়ে মেইট এস-এর মতো আরও চাপ-সংবেদী স্ক্রিনের ডিভাইস দেখা যেতে পারে। তবে, খুব বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধা পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে।

গুগল আরও জানিয়েছে, অ্যান্ড্রয়েড এন-এর বিভিন্ন দিক এত আগেই প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে ডেভলপারদের প্রতিক্রিয়া জানা এবং ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওএস-এর নিয়মিত আপডেট প্রদান নিশ্চিত করা।