তিন অন্দরমহলেই চলছে কনসোলের কাজ
গেইম কনসোল নির্মাতা শীর্ষ তিনটি প্রতিষ্ঠান নিনটেনডো, সনি এবং মাইক্রোসফট-এর নতুন গেইমিং কনসোল বাজারে আসছে। গেইমিং বাজারে মার্কিন খুচরা বিক্রেতা সাইট ‘গেইমস্টপ’-এর একজন জেষ্ঠ নির্বাহীর মতে এটি ঘটবে ‘তাড়াতাড়িই’।
ওই নির্বাহীর বক্তব্যের মাধ্যমে বছরের শেষে নতুন কনসোল বের হওয়ার গুজবটি আরো জোরদার হলো। গেইমস্পটের একটি রিপোর্টে জানা যায়, গেইমস্টপের একটি অনুষ্ঠানে প্রধান পরিচালন কর্মকর্তা টনি বার্টেল উপস্থিতদের জানান, তার উপস্থাপনায় তিনি নতুন কনসোলগুলোর সম্ভাব্য মুক্তির কথা বিবেচনায় আনেননি। কথাটি ব্যাখ্যা করে তিনি বলেন, “যদিও আমরা নতুন প্রযুক্তির ব্যাপক বৃদ্ধি উপস্থাপনায় তুলে ধরিনি, তবুও আমরা ভার্চুয়াল রিয়ালিটির মতো প্রযুক্তি, এবং নতুন কনসোলের মুক্তির খবর নিয়ে অত্যন্ত খুশি, যার কিছু কিছু দ্রুতই আসবে বলে মনে হচ্ছে।”
ঠিক কোন কনসোলের কথা ইঙ্গিত করেছেন; বার্টেলকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “যথারীতি, আমরা যেটুকু জানি, তার সবটুকু জানাতে পারব না।”
মার্চে গেইমবিষয়ক ওয়েবসাইট ‘কোটাকু’ এর একটি রিপোর্টে জানা যায়, সনি আরো উন্নত প্লেস্টেশন ৪ নিয়ে কাজ করছে, যেটি আলট্রা হাই ফোরকে রেজুলেশনের গেইম চালাতে সক্ষম। এটি আসন্ন প্লেস্টেশন ভিআর আরো ভালোভাবে চালাতে সক্ষম।
মাইক্রোসফট তাদের এক্সবক্স ওয়ানের হার্ডওয়্যার সংক্রান্ত উন্নতি নিয়েও কাজ করার ইঙ্গিত করেছে। যদিও, এক্সবক্সের প্রধান ফিল স্পেন্সার এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সম্ভবত জুনে অনুষ্ঠিতব্য সবচেয়ে বড় গেইমিং শো ‘ই-থ্রি’-তে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সম্ভবত এ সম্পর্কে আরো সঠিক তথ্য জানার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে।
