অকুলাসের প্রাইভেসি নিয়ে 'চিন্তা নেই'
অকুলাস রিফট ব্যবহারের সময় ব্যবহারকারীদের তাদের প্রাইভেসি নিয়ে কোনও চিন্তা করতে হবে না, এমনটাই জানিয়েছেন ভিআর হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস কর্মকর্তা জ্যাসন রুবিন।
ভিআর সিস্টেমের প্রাইভেসি পলিসি নিয়ে উঠা প্রশ্ন প্রত্যাখ্যান করেছেন অকুলাসের হেড অফ ওয়ার্ল্ডওয়াইড স্টুডিওস জেসন রুবিন, জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
যুক্তরাষ্ট্রের মিনেসোটার ডেমোক্রেট দলের সিনেটর অ্যাল ফ্রাঙ্কেন এই মাসের শুরুতে অকুলাস-কে একটি খোলা চিঠিতে ভিআর সিস্টেম দ্বারা সংগৃহীত ব্যবহারকারীদের ডেটা নিয়ে বিস্তারিত জানতে চান। ব্যবহারকারীরা মাথায় রিফট পরিধান করে, এর মাধ্যমে নড়াচড়া, স্থান আর শব্দ শনাক্ত করা যায়।
কীভাবে ফেইসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের কাছ থেকে সংগৃহীত ডেটা ব্যবস্থাপনা করে, সে সম্পর্কেও জানতে চান অ্যাল ফ্রাঙ্কেন। চলতি বছর ১৩ মে-এর মধ্যে এ বিষয়ে জবাব চেয়েছেন তিনি।
এসব প্রশ্নের জবাব ঠিক কবে দেওয়া হবে তা নিয়ে কিছু স্পষ্ট করেননি অকুলাসের রুবিন।
