২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনি'র কারখানা বন্ধের সময় বাড়লো

দক্ষিণ জাপানের কুমামোতোতে শক্তিশালী ভুমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে বন্ধ হওয়া নিজেদের নাগাসাকি এবং অইটা-তে অবস্থিত ইমেইজ সেন্সর কারখানার কার্যক্রম পুরোদমে চালু হলেও, এখনও বন্ধ রয়েছে কুমামোতা-র কারখানা, জানিয়েছে জাপানি ইলেকট্রনিক্স জায়ান্ট সনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 09:19 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

কুমামোতো কারখানার কাজ শুক্রবার থেকেই বন্ধ রয়েছে এবং শনিবার কিছু সময়ের জন্য নাগাসাকি ও ওইতা কারখানার কার্যক্রম বন্ধ ছিল বলে জানিয়েছে রয়টার্স।

শনিবার সকালে জাপানে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ৩২ জন নিহত এবং ১ হাজার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভুমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

২৪ ঘন্টার মধ্যে কুমামোতো অঞ্চলে দ্বিতীয়বারের মতো শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে।

এর আগে সনি জানায়, কিউশু-এর দক্ষিণে কুমামোতো-তে অবস্থিত কারখানাটি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে। ভূমিকম্পের শক্তি এবং ক্রমাগত ‘আফটারশক’-এর কারণে পুনরায় কাজ শুরু করতে কতটা সময় লাগতে পারে তা নিয়ে আশঙ্কা বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন মিজুহো সিকিউরিটিজ-এর গবেষক কেনিচি সাইতা।

যদিও তিনি বর্তমান চাহিদা এবং সনির অন্যস্থানে উৎপাদন ব্যবস্থা সরিয়ে ফেলার ক্ষমতা উল্লেখ করে জানান, ভূমিকম্পের কারণে ক্যামেরা-চিপ সরবরাহের উপরে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই। সাইতা তার প্রতিবেদনে বলেন, “আসন্ন নতুন স্মার্টফোনগুলোর উপকরণগুলো কুমামোতো-এর কারখানা থেকেই আসবে বলে আমরা আশা করি, তাই পণ্য উৎপাদন এবং পরিবহনের উপর প্রভাবের বিষয়টি নিয়ে চিন্তা করতেই হচ্ছে।”

২০০১ সালে চালু হওয়া কুমামোতো-এর কারখানাটি স্মার্টফোনের ক্যামেরা এবং ডিজিটাল ক্যামেরার একটি অন্যতম উপাদান সিএমওএস (বা সিমোস) সেন্সর তৈরি করে। অ্যাপলের আইফোনেও এই সেন্সর ব্যবহার করা হয়। উপাদান উৎপাদনে যে কোনো ধরনের বিঘ্ন ঘটলে মূল পণ্য উৎপাদনে বিলম্বের সৃষ্টি হতে পারে এবং উৎপাদনকারীর বিক্রি কমে যাওয়ার আশঙ্কা থাকে।

সনির একজন মুখপাত্র হারুকা কিতাগাওয়া বলেছেন, “আমরা ক্ষতির পরিমাণ এবং আবার শুরু করার সময় নিয়ে চিন্তা করছি।” তিনি আরও বলেন, “ভবনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

টোকিও শেয়ারবাজার শুক্রবার বন্ধ হওয়ার আগে টোকিও-ভিত্তিক সনির শেয়ার ৩.২ শতাংশ কমে ২৩৯৫ এ নেমে যায়।