২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেনে ড্রোনের আঘাত!

যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্টে অবতরণের আগে একটি প্লেন ড্রোনকে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, প্লেনটি শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করতে পেরেছে বলে জানিয়েছে সেখানকার মেট্রোপলিটন পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

জেনেভা থেকে আসা ব্রিটিশ এয়ারওয়েজ-এর ফ্লাইটটি লন্ডনের আকাশে আসার পর ধাক্কা খায়। এ সময় প্লেনটিতে ১৩২ জন যাত্রী আর পাঁচ জন ক্রু সদস্য ছিলেন।

অবতরণের পর এয়ারবাস এ ৩২০-এর পাইলট জানান, একটি বস্তু প্লেনের সামনে এসে আঘাত হানে। ওই বস্তুটি একটি ড্রোন ছিল বলে বিশ্বাস করেন তিনি। 

এ বিষয়ে হিথ্রো-এর এভিয়েশন পুলিশ একটি তদন্ত কার্যক্রম হাতে নিয়েছে। তবে, এখনও কাউকে আটক করা হয় নি বলে জানিয়েছে তারা।

প্লেনে আঘাত করা বস্তুটি যে ড্রোনই ছিল, তা নিশ্চিৎ হলে যুক্তরাজ্যে এমন নজির এটাই প্রথম হবে বলে জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ এয়ারওয়েজ-এর একজন মুখপাত্র বলেন, "আমাদের প্লেন নিরাপদে অবতরণ করেছে, আমাদের প্রকৌশলী পুরোপুরিভাবে এটি পরীক্ষা করে দেখেছে আর এটি পরবর্তী ফ্লাইটের জন্য তৈরি।" এই এয়ারলাইন তদন্তে পুলিশকে 'সব ধরনের সহযোগিতা' করবে বলেও জানান তিনি।

যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ)-এর একজন মুখপাত্র এয়ারপোর্টের আশপাশে ড্রোন চালানোকে 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' হিসাবে উল্লেখ করেছেন। কেউ এ আইন ভঙ্গ করলে, তাকে 'কারাদণ্ডসহ বিভিন্ন সাজা' দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বালপা) -এর স্টিভ ল্যান্ডেলস বলেন, "আমরা একটি ড্রোনের আক্রমণের সম্মুখীন হচ্ছি, এমন ঘটনা এখন সময়ের ব্যাপার মাত্র।" এ জন্য বিদ্যমান আইনগুলোকে কার্যকর করার আহ্বান জানান তিনি।