২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা ঝুঁকির মুখে কুইকটাইম

সাইবার আক্রমণের মুখে নিরাপত্তা ঝুঁকির প্রশ্নে ব্যবহারকারীদের কম্পিউটার থেকে কুইকটাইম বাদ দিতে তাগাদা দিচ্ছে মার্কিন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 09:11 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সফটওয়্যার ও অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো জানায়, সফটওয়্যারটির উইন্ডোজ সংস্করণের জন্য সবরকম সেবা বন্ধ করে দিতে যাচ্ছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এর ফলে এতে কোনো সিকিউরিটি আপডেট থাকবে না, এবং এ সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারকারীদের কম্পিউটারে প্রবেশ করা হ্যাকারদের পক্ষে সহজ হয়ে পড়বে।

এ ছাড়াও প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা সফটওয়্যারটিতে দুটি "গুরুত্বপূর্ণ দুর্বলতা" চিহ্নিত করেছেন, যা হ্যাকারদের পক্ষে সহায়ক হয়ে পড়তে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

ট্রেন্ড মাইক্রো’র মতোই একই ধরনের সতর্কবার্তা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের `কম্পিউটার ইমার্জেন্সি রেডিনেস টিম’। এতে বলা হয়, যেসব ব্যবহারকারীর উইন্ডোজ কম্পিউটারে এখনও পর্যন্ত কুইকটাইম চালু আছে তারা ভাইরাস আক্রমণসহ অন্যান্য নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হওয়া ছাড়াও "গোপনীয়তা,  বিশ্বস্ততা এবং তথ্যের সহজলভ্যতা হারাতে পারেন।" এ ছাড়াও এসব দুর্বলতা ব্যবহার করে হ্যাকাররা "দূর থেকেই সিস্টেমগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে" বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সমস্যা সমাধানে কম্পিউটার থেকে কুইকটাইম আনইনস্টল করাকেই একমাত্র সমাধান হিসেবে উল্লেখ করা হয়। 

সফটওয়্যারটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল গত কয়েক বছর ধরেই উইন্ডোজ-এর জন্য কুইকটাইম সেবা ধীরে ধীরে সরিয়ে নিলেও এ সংক্রান্ত কোন ঘোষণা দেয়নি। তবে অ্যাপলের নিজস্ব কম্পিউটারগুলোর জন্য কুইকটাইম সেবা এখনও পর্যন্ত চালু আছে। 

ট্রেন্ড মাইক্রো জানায়, হ্যাকাররা এ পর্যন্ত কুইকটাইম-এর কোনো দুর্বলতাকে ব্যবহার করেছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে যেহেতু সফটওয়্যারটির আর কোন সিকিউরিটি আপডেট আসছে না, তাই হ্যাকারদের আক্রমণের প্রধান একটি লক্ষ্যে পরিণত হয়েছে এটি। 

এ প্রসংগে রয়টার্সের পক্ষ থেকে অ্যাপলের সাথে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।