জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার নাসা
জলবায়ু পরিবর্তনের প্রভাব অস্বীকারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে নাসা। সম্প্রতি আমেরিকান বিজ্ঞানী বিল নায়ি-এর লেখা একটি আর্টিকেল ফেইসবুকে প্রকাশিত হলে জলবায়ু পরিবর্তন অস্বীকারকারীরা এর তীব্র সমালোচনা করে। এর পরিপ্রেক্ষিতে নাসা তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেয়।
এর আগে নায়ি এ বছরটি সবচেয়ে উত্তপ্ত দশটি বছরের মধ্যে একটি হতে যাচ্ছে- এ বিষয়ে অস্বীকারকারীদের মধ্যে নেতৃস্থানীয় মার্ক মোরানোর কাছে ২০ হাজার ডলার বাজি রাখার প্রস্তাব রাখেন। তবে মোরানো তাতে অস্বীকৃতি জানান। এরপর নায়ি যখন তা ফেইসবুকে পোস্ট করেন, তখন সমালোচকেরা তাতে হামলে পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
তবে অবিশ্বাস্যভাবে সমালোচকদের মুখে চপেটাঘাতের মতোই নাসা এতে হস্তক্ষেপ করে।
ফের মোরালেস নামক একজন ব্যক্তি এতে মন্তব্য করেন, "নাসা নিশ্চিত করেছে যে ফসিল জ্বালানি আসলে এ গ্রহের তাপমাত্রা কমাচ্ছে, এবং গত শতাব্দীর চেয়ে এই শতাব্দীতে পোলার আইস ক্যাপগুলোতে বেশি পরিমাণ বরফ রয়েছে।"
জবাবে নাসা অত্যন্ত কঠোর ভংগিতে জানিয়ে দেয়, "নাসা-কে ভুলভাবে উপস্থাপন করবেন না। ফসিল জ্বালানি এই গ্রহের উত্তাপ কমাচ্ছে না।"
এই বলেই প্রতিষ্ঠানটি থেমে থাকেনি, জলবায়ু পরিবর্তনের ঘটনার ভয়াবহতা দেখাতে প্রকৃত ও বিশ্বাসযোগ্য গবেষণার বরাত দিয়েছে এবং একটি গ্রাফ দেখিয়েছে। এছাড়াও ত্রিশ সেকেন্ডের একটি ভিডিওতে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব দেখানো হয়।
