২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাজা হল ‘হ্যাকার’ সাংবাদিকের

হ্যাকিং গ্রুপ ‘অ্যানোনিমাস’কে সহায়তা এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকার তিনটি অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 08:59 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

রয়টার্সের প্রাক্তন সাংবাদিক ম্যাথিউ কিস-এর বিরুদ্ধে হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস-এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, তিনি অ্যানোনিমাসকে লস এঞ্জেলস টাইমস পত্রিকার একজন প্রাক্তন কর্মকর্তার লগ-ইন তথ্যাবলী দিয়েছেন, যাতে তারা পত্রিকাটির ওয়েবসাইটে পরিবর্তন করতে পারে।

ইন্ডিপেন্ডেন্ট জানায়, ২০১০ সালের ডিসেম্বরে এসব তথ্য ব্যবহার করে ওয়েবসাইটটির একটি শিরোনাম এবং স্ট্যান্ডফার্স্ট পরিবর্তন করা হয়। পরবর্তীতে প্রায় ৪০ মিনিটের মাথায়ই অবশ্য তা শুধরে নেওয়া হয়।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর প্রতিবেদন থেকে জানা যায়, কিস একই মালিক প্রতিষ্ঠান ট্রিবিউন মিডিয়া-এর অন্য একটি টেলিভিশন স্টেশন - কেটিএক্সএল-এ কর্মরত ছিলেন। এই চাকরি থেকে ছাঁটাই করার কারণেই প্রতিশোধ হিসেবে তিনি এ কাজ করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বরাতে জানায় গার্ডিয়ান।

দুই বছরের সাজার রায় দিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট জাজ কিম্বারলি মুলার বলেন, "তিনি একটি সংবাদ প্রকাশনার বিষয়বস্তু পরিবর্তনের সিদ্ধান্ত বেআইনীভাবে নিজের হাতে তুলে নিয়েছেন। অন্ততপক্ষে লস এঞ্জেলস টাইমস-এর ওয়েবপেইজ-এর বিবেচনায় বাস্তবে এর প্রভাব যথেষ্ট কম ছিলো এবং এই প্রকাশনীর জনপ্রিয়তায় তা তেমন একটা ভাঙন ধরাতে পারেনি। তবে এতে আরও অনেক বেশি ক্ষতির উদ্দেশ্য ছিলো, পরবর্তীতে এর আরও ক্ষতিকারক প্রভাব থাকতে পারত।"

অবশ্য ২৯ বছর বয়স্ক এ সাংবাদিক তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার পক্ষের আইনজীবীরা জানান, তারা এই রায়ের বিপক্ষে আপিল করতে যাচ্ছেন।

শুনানির আগে ব্লগিং সাইট মিডিয়াম-এ তিনি বলেন, "আমি নির্দোষ, আর আমি এই বিবাদ চাইনি। এরপরও আমি আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টা অনলাইনে আমাদের আচরণ নিয়ন্ত্রক আইনগুলোতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।"

এ ছাড়াও তিনি বলেন, "নেটফ্লিক্স ইউজারনেইম ও পাসওয়ার্ড ফাঁস করার কারণে কারো সন্ত্রাস আইনের মুখোমুখি হওয়া উচিত না। কিন্তু বর্তমান আইনের অধীনে আইনজীবীরা তাদের বিবেচনায় সুবিধামতো সাংবাদিকসহ সাধারণ জনগণের বিরুদ্ধে ঠিক একই অভিযোগগুলো আনতে পারেন।"

রায়ের পর কিস টুইট করেন, "আমরা শুধু এই অভিযোগ ভিত্তিহীন প্রমাণ করার জন্যই নয়, বরং এই অযৌক্তিক কম্পিউটার আইন যথাসম্ভব পরিবর্তনের চেষ্টা করবো।"