আইফোন তৈরি হ্রাসে অ্যাপলের শেয়ার মূল্য পতন
পরবর্তী তিন মাসের জন্য আইফোন উৎপাদন ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হবে, এমন ঘোষণা দেওয়ার পর পড়ে গেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের শেয়ার মূল্য।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান নিক্কেই এশিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, আইফোন ৬এস এবং ৬এস প্লাস প্রত্যাশার চেয়েও ধীরে বিক্রি হওয়ায় সরবরাহকারীদের এর অর্ডার কমিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে অ্যাপল। এর পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ১.৭ শতাংশ কমে ১১০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, জানিয়েছে ব্লুমবার্গ।
এই বছর শেষে নতুন একটি মডেলের বিক্রি বাড়ানোর চেষ্টায় মার্চ মাসে অ্যাপল তুলনামূলক ছোট, সস্তায় আইফোন এসই বের করে। অ্যাপল চিপের সবচেয়ে বড় সরবরাহকারীর একটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোং, বছরের দ্বিতীয় প্রান্তিকের আয়ের ব্যপারে বিশ্লেষকদের অনুমান প্রকাশ করে বলে, ৫শ' মার্কিন ডলারের বেশি দামের স্মার্টফোনের চাহিদা কমে যাচ্ছে।
অ্যাপলের শেয়ার কিনতে পরামর্শদাতা প্রতিষ্ঠান নিউ ইয়র্কভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান বিটিআইজি এলএলসি-এর বিশ্লেষক ওয়াল্টার পিসাইক বলেন, "আইফোন ৭-কে সামনে রেখে মানুষ তাদের আগের আইফোনটি কিছু বেশিদিনের জন্য ধরে রাখছে। কিন্তু যদি এই পণ্য চক্র দীর্ঘায়িত হয় তাহলে শিল্পে একটি কাঠামোগত পরিবর্তন হতে পারে।"
জানুয়ারিতে অ্যাপল জানিয়েছে শেষ এক দশকের মধ্যে প্রথমবারের মত এর বিক্রি কমে গেছে। বিশ্বে স্মার্টফোন বিক্রির হার দশ শতাংশেরও কম বেড়েছে বলে অনুমান করছে বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার।
নিক্কেই জানায়, অ্যাপল প্রথম প্রান্তিকে আইফোনের উৎপাদন ৩০ শতাংশ কমিয়ে দিয়েছে এবং এই হ্রাস পরবর্তী তিন মাসের জন্য বৃদ্ধি করা হচ্ছে। ব্রডকম লিমিটেড, কোরভো ইনক, নোলেস কর্পোরেশন, এনএক্সপি সেমিকন্ডাক্টরসসহ অ্যাপল সরবরাহকারীরা ব্যাপারটি নিশ্চিত করেছে।
এ বিষয়ে অ্যাপলের একজন মুখপাত্র কোনো মন্তব্য করেননি।
