স্টেম নিয়ে ফেইসবুকের বিজ্ঞাপন প্রধান
ফেইসবুকের অ্যাডভার্টাইজিং ও পেইজেস বিভাগের বর্তমান ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু বসওয়ার্থ। ফেইসবুক নিউজ ফিডের জনক ৩৪ বছর বয়স্ক এই সফল প্রযুক্তিবিদ সিএনএন-এর কাছে নিজের সাফল্যের কথা বলতে গিয়ে ফিরে যান অতীতে। তার স্মৃতিচারণার একটি বড় অংশ জুড়েই ছিলো ফোর-এইচ প্রোগ্রাম। বসওয়ার্থ ৯ বছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অংগরাজ্যের সান্তা ক্লারা কাউন্টিতে বেড়ে ওঠেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর একটি ক্লাসে টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আর ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ছিলেন তার ছাত্র। গ্র্যাজুয়েশনের দুই বছর পরই তিনি ফেইসবুকে যোগ দেন।
ফোর-এইচ প্রোগ্রাম ১৯ শতকের শুরু থেকেই প্রধানত কৃষি এবং পশুপালনের জন্য সুপরিচিত। বসওয়ার্থ এ প্রোগ্রামের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা বর্ণনা করতে গিয়ে বলেন, "আমার পরিবারে কৃষিকাজের ইতিহাস রয়েছে। আমি রান্নার প্রজেক্ট উপভোগ করতাম এবং ভেড়া, শূকর, খরগোশ এবং গিনিপিগ পালন করতাম। আমি আমার ফোর-এইচ ইউনিফর্ম পরে গ্রাম্য মেলায় আমার পশুগুলো প্রদর্শন করতাম।"
এ ছাড়াও প্রোগ্রামটি অন্যান্য দিক দিয়েও তার জন্য শিক্ষামূলক ছিলো বলে জানান বসওয়ার্থ। তিনি বলেন, "আমার ১০ বা ১১ বছর বয়সে ফোর-এইচ এরই একজন শিক্ষক আমাকে কম্পিউটার প্রোগ্রাম করতে শেখান।"
ফোর-এইচ এ যোগব্যায়াম, রান্না থেকে শুরু করে পরিবেশ বিজ্ঞান পর্যন্ত শত শত ধরনের ক্লাসের সুযোগ রয়েছে। সাম্প্রতিককালে রোবটিকস এবং রকেটবিদ্যার মতো ক্লাসের মধ্য দিয়ে ফোর-এইচ স্টেম (STEM - বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা এবং গণিত) এর দিকে বেশি জোর দিচ্ছে। এই পরিবর্তনের উদ্দেশ্য - চিরাচরিত গ্রামীণ ধারা ভেঙে বেরিয়ে আসা এবং বিশেষত শহুরে তরুণদের মধ্যে এর জনপ্রিয়তা বাড়ানো।
ফোর-এইচ-এ সংশ্লিষ্টতা রয়েছে বহু প্রথিতযশা ব্যক্তিরই। এদের মধ্যে রয়েছেন এ বছরের শেষে ইন্টারন্যাশনাল স্পেইস স্টেশনে যাওয়ার অপেক্ষায় থাকা নাসা মহাকাশচারী পেগি হুইটসন, হার্ভার্ড প্রেসিডেন্ট ড্রু ফস্ট এবং কণ্ঠশিল্পী জেনিফার নেটলস।
জাতীয় ফোর-এইচ পরিষদের প্রেসিডেন্ট জেনিফার সির্যাঞ্জেলো জানান, "অ্যামেরিকায় প্রতিটি কাউন্টিতেই ফোর-এইচ প্রোগ্রাম রয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা আর আমেরিকার সবচেয়ে গোপনীয় বিষয়বস্তু হয়ে থাকতে চাইনা। আমরা ২০২৫ সালের মধ্যে ১ কোটি তরুণের কাছে পৌঁছাতে চাই, শতকরার হিসেবে যা হবে প্রায় ৬৭ শতাংশ বৃদ্ধি।" তিনি জানান, এই লক্ষ্য অর্জন করা হবে স্টেম প্রোগ্রামিং এর মধ্য দিয়েই।"
আরও বেশি সংখ্যক শিশুর কাছে স্টেম পৌঁছে দিতে ফোর-এইচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- এমনটাই বিশ্বাস করেন বসওয়ার্থ। তিনি বলেন, "সিলিকন ভ্যালিতে বেড়ে উঠতে পেরে আমি ভাগ্যবান। আমার বাবা-মা অনেক আগেই কম্পিউটারের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তবে ফোর-এইচ এ আমি অনেককেই চিনতাম, যাদের কোন প্রযুক্তি ব্যবহারের জন্য ৪৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে হতো।"
তরুণ সমাজে প্রযুক্তিগত সহজলভ্যতা নিশ্চিত করতে ফোর-এইচ এর মতো প্রোগ্রামগুলোর কার্যকারিতার প্রশংসা করলেও এখনও পর্যন্ত এর অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এর পেছনে কারণ হিসেবে স্টেম শিক্ষার বর্তমান পদ্ধতির সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, "আমাদের যেখানে থাকা দরকার, তার থেকে আমরা পিছিয়ে রয়েছি। এটা খুবই ধাক্কা খাওয়ার মতোই ব্যাপার যে একে আমরা এতোটা বিস্বাদ ও অনাকর্ষণীয় ব্যাপারে পরিণত করে ফেলেছি। একজন ১২ বছর বয়স্ক শিশুকে যদি আমি বলে বসি 'এটা তোমার ভবিষ্যৎ চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ', তবে তাতে তারা অতি উৎসাহী হয়ে পড়বে এমনটা ভাবতে পারিনা।"
স্টেম শিক্ষায় আরও বেশি সামাজিকতার স্থান থাকা উচিত বলে মন্তব্য করেন বসওয়ার্থ। তিনি বলেন, "ফোর-এইচ এর সঙ্গে আমার অভিজ্ঞতার দিকে ফিরে তাকালে দেখা যায়, বন্ধুদের সঙ্গে, কমিউনিটির অংশ হিসেবে কাজ করার ব্যাপারটি অনেক মজার ছিলো।"
এই অভিজ্ঞতা তাঁকে কর্মজীবনে প্রচুর সহায়তা করেছে বলে জানান তিনি। তিনি বলেন, "ফোর-এইচ এ দলগতভাবে কাজ করায় ব্যাপক সুবিধা ছিলো। নতুন বিষয়ে অগ্রসর হতে এবং কমিউনিটিকেন্দ্রিক আরও বড় লক্ষ্যে অগ্রসর হতে এটি আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।"
বসওয়ার্থ পারিবারিকভাবেই ফোর-এইচ এর সঙ্গে যুক্ত। তার মা ভিকি এবং দুই বোনই ফোর-এইচ এর প্রাক্তন সদস্য। ভিকি এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া ফোর-এইচ সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত আছেন। বসওয়ার্থ নিজেও এই বন্ধন ছিন্ন করতে পারেননি।
তিনি বলেন, "আমি প্রতি বছরই সান্তা ক্লারা কান্ট্রি মেলায় যাই। ফোর-এইচ-এর বাচ্চারা পশুপাখি পালন করে এবং তা মেলায় নিয়ে আসে। আমি প্রতি বছরই একটি করে শূকর কিনি। আমি একটি গরু কিনেছি এবং তা আমার সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি।"
তবে নিজের ১৬ মাস বয়সী পুত্র বেড়ে উঠলে ফোর-এইচ এর সঙ্গে আরও বেশি সংশ্লিষ্ট থাকতে পারবেন- এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি রসিকতার সুরে বলেন, "এখন সে হাঁটা রপ্ত করার চেষ্টা চালাচ্ছে। এখনও পর্যন্ত স্টেম-এ তেমন একটা আগ্রহ দেখায়নি সে।"
বসওয়ার্থ ব্যক্তিগতভাবে ফোর-এইচ এর প্রযুক্তি প্রোগ্রামের স্থাপনাকালীন সদস্য ছিলেন বলে জানিয়েছে সিএনএনমানি।
